একটি বাইসাইকেল চুরির সন্দেহে ডেকে নেয়া হয়েছিল মোবারক ইসলাম (২২) কে। এরপর একটি মাঠে বাঁশ দিয়ে পেটানোর পর গুদামঘরে নিয়ে হাত-পা বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রায় দুই ঘণ্টা ধরে মারধরের একপর্যায়ে মৃত্যু হয় তার। পরে মরদেহ মাঠে ফেলে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় আটক হয় অভিযুক্তদের একজন। গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোবারক ওই এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। মোবারকের মা আমেনা জানান, তার ছেলে আগে একটি পোশাক কারখানায় চাকরি করতো। বেশ কিছুদিন ধরে বাবার চায়ের দোকান দেখাশোনা করছিল। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হয় মোবারক।
এরপর তাকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। বিকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। মোবারকের বাবা আবদুল মাবুদ বলেন, ছেলেকে যারা পিটিয়ে মেরেছে- তাদের এমন শাস্তি হোক, যাতে আর কোনো বাবা ছেলেহারা না হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় মোহাম্মদ মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোবারককে সন্দেহ করে তাকে ডেকে নেয়া হয়। পরে কারখানাসংলগ্ন একটি মাঠে বাঁশ দিয়ে মারধর করে মুসা ও তার ছেলেরা। এরপর একটি গুদামঘরে নিয়ে হাত-পা বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। মারধরের একপর্যায়ে মোবারক অচেতন হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ মাঠে ফেলে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে মোহাম্মদ মুসাকে আটক করে পুলিশে দেয়। আটক মুসা (৬৫) স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামে একটি প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে কর্মরত। নিহতের পরিবারের অভিযোগ- মুসা, তার ছেলে হাবিবসহ আরও দু’জন এ ঘটনার সঙ্গে জড়িত। পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী জানান, বাইসাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়। তবে প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টার তথ্যও পাওয়া গেছে। এ ঘটনায় মোবারকের বাবা বাদী হয়ে মুসাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মুসাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
