ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাচ্ছেন আবু হানিফ সওদাগরসহ বেশ কয়েকজন। এদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপি’র প্রাক্তন সভাপতি ডা. আব্দুল বারেক, ময়মনসিংহ (উত্তর) জেলা ছাত্রদলের নেতা কামরুজ্জামান সরকার রিয়াদ ও যুবদলের নেতা সোহেল রানা স্বপন মণ্ডল। তবে প্রচারণা, গণসংযোগ ও জনমতের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন আবু হানিফ সওদাগর। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে ও কর্মীদের পাশে থাকা ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে আবু হানিফ সওদাগরের প্রতি মানুষের আস্থা বেড়েছে।
ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ সওদাগর বলেন, ফ্যাসিস্ট লীগের আমলে আমি দুইবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমার ফলাফল কেড়ে নেয়া হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করি। তিনি বলেন, আমি পদ-পদবির জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, কাকনী ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাবো। অন্যদিকে, অন্য মনোনয়ন প্রত্যাশীরাও নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
