বাঘারপাড়ায় ঝড়-বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, আশঙ্কায় কৃষকরা

বাঘারপাড়ায় ঝড়-বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, আশঙ্কায় কৃষকরা

ফন্ট সাইজ:

যশোরের বাঘারপাড়ায় আকস্মিক ঝড়-বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার বিকাল ও রাতে হওয়া বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠের অধিকাংশ ধানগাছ হেলে পড়েছে। অনেক জমিতে জমেছে বৃষ্টির পানি। অন্যদিকে আগাম পেকে যাওয়ায় জমিতে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে আমন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।

জানা গেছে, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে যেসব জমির ধান এখনো সবুজ রয়েছে, সেসব জমির ধানগাছ হেলে পড়েছে। এ ছাড়া আগাম পেকে যাওয়ায় যেসব জমিতে ধান কেটে বিছিয়ে রাখা হয়েছিল, সেগুলো বৃষ্টির পানিতে ভিজে গেছে। ফলে কাটা ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কৃষকদের ভাষ্য, বাঘারপাড়ায় হাবু জাতের ধানের ক্ষতির আশঙ্কা বেশি। আগাম পেকে যাওয়ায় এ জাতের অধিকাংশ ধান আগেই কেটে জমিতে রাখা হয়েছিল। বৃষ্টিতে সেই ধান ভিজে যাওয়ায় শুকানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। উপজেলার বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ, করিমপুর, বোয়ালিয়া ও মহিরন মাঠে আমন ধানের ক্ষতির চিত্র বেশি বলে জানা গেছে। লক্ষ্মীপুর গ্রামের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। এতে ফলন কম হবে। পাশাপাশি ধান সংগ্রহ করতে শ্রমিক খরচও বেশি লাগবে। জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে।

এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে ব্রি ধান-৫১ জাতের, ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও আবাদ করেছেন কৃষকেরা। সবমিলিয়ে উপজেলায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। তবে বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা নাকচ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। তিনি বলেন, বৃষ্টির কারণে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। এতে ফলন কম হওয়ার আশঙ্কাও নেই।