তরুণ ও যুবসমাজকে আলোর পথে চলতে হবে

তরুণ ও যুবসমাজকে আলোর পথে চলতে হবে

ফন্ট সাইজ:

তরুণ সমাজকে মাঠমুখী করার ওপর গুরুত্ব আরোপ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমেই সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপরাধ দূর করা সম্ভব। গতকাল বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়াশা মোহন সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিতার স্মৃতির কথা স্মরণ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, আমার পিতা হারুণার রশিদ খান মুন্নু জীবদ্দশায় ক্রীড়াঙ্গনকে সবসময় সর্বোচ্চ মূল্যায়ন করতেন। আজ তার স্মরণে আয়োজিত খেলায় হাজারো দর্শকের উপচে পড়া উপস্থিতি দেখে আমি মুগ্ধ। খেলাধুলার প্রসারে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমি চাই দেশের প্রতিটি মাঠে খেলাধুলা সবসময় সচল থাকুক।

মফস্বল বা গ্রামবাংলার মাঠ থেকেই একদিন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে, যারা জাতীয় পর্যায়ে আমাদের লাল-সবুজের পতাকা বহন করে দেশের নেতৃত্ব দেবে। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশ পরিচালনা করবে। তাই যুবসমাজকে সঠিক ও আলোর পথে এগিয়ে চলতে হবে। শাহ মো. ফিরোজ আল ফেরদৌসের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি কুদ্দুস খান মজলিস মাখন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ। বরাইদ ইউনিয়ন পরিষদ মাঠে ফাইনালে ঢাকার ধামরাই ভাবনহাটি স্পোর্টস জোনকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হরগজ ফুটবল একাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে নগদ ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়।