প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে প্রায় ভরাট হয়ে যাচ্ছে কলাপাড়ার নদীগুলো। ফলে হাজারো জেলের নিরাপদ পোতাশ্রয় ও মৎস্যজীবীর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত নৌ-পথগুলো এখন মরা খালে পরিণত হচ্ছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে নদীর ডুবোচরে আটকে যাচ্ছে অসংখ্য মৎস্যবাহী ট্রলার। ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই পচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা এখন পড়েছে চরম হুমকির মুখে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এ বাজারেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মৎস্যজীবী মানুষ। নিত্যদিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজারসহ আসপাশের এলাকা। আর এই মৎস্য বাজারকে ঘিরেই জড়িয়ে আছে লাখও মানুষের জীবন-জীবিকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে নদীপথে স্বস্তিতে ফিরতে পারছেন না জেলেরা। প্রতিদিন ডুবচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামীরা। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচন ধরে আহরণকৃত মাছে।
সরজমিন কথা হলে জেলে সোবহান সিকদার জানান, সাগর মোহনা দিয়ে প্রতিদিন এ নদী দিয়ে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চরে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন জেলেরা। ফলে ঠিক সময় ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝি তাদের মাছ নিয়ে অসময়ে ফিরে কম দামে বিক্রি করে। এ ছাড়া অনেক মাছ পচেও যাচ্ছে। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্য কমে যাওয়া এবং অসংখ্য ডুবচরের ফলে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। যাতে দ্রুত খননের উদ্যোগ গ্রহণ করা হয়। বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী কলাপাড়ার খাজুরা পয়েন্টের চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখান ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই খালটির জন্য যেকোনো একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যবস্থা নিতে পারবো।
