ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও চ্যাপা শুঁটকি

ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও চ্যাপা শুঁটকি

ফন্ট সাইজ:

কোনো অনুষ্ঠানে অতিথিদের সম্মান জানাতে ফুল, ক্রেস্ট কিংবা স্মারক উপহার দেয়াই প্রচলিত রীতি। তবে সেই চেনা রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে নেত্রকোণার কেন্দুয়ার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। অতিথিদের হাতে ফুল-ক্রেস্টের বদলে তুলে দেয়া হয়েছে দেশীয় চাল, মাষকলাই ডাল, জাম আলু ও চ্যাপা শুঁটকি। গ্রামীণ ঐতিহ্য ও স্থানীয় খাদ্য সংস্কৃতির পরিচয় তুলে ধরতেই এমন আয়োজন। শুক্রবার হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ বিশেষ অতিথিদের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। উপহারের তালিকায় থাকা দেশীয় চাল, মাষকলাই ডাল, জাম আলু ও চ্যাপা শুঁটকি এ অঞ্চলের মানুষের পরিচিত খাবার।

গ্রামীণ জনপদের জীবনযাপন ও খাদ্য সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এসব পণ্য। প্রচলিত উপহারের পরিবর্তে স্থানীয়ভাবে পরিচিত এসব খাদ্যসামগ্রী অতিথিদের হাতে তুলে দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ যেন গ্রামবাংলার ঐতিহ্য ও শেকড়ের কথাই স্মরণ করিয়ে দিয়েছে। হুমায়ূন আহমেদের জন্মদিনের বর্ণাঢ্য আয়োজনে এ ব্যতিক্রমী উপহার অতিথিদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। আয়োজনের মধ্যদিয়ে দেশীয় পণ্য ও গ্রামীণ ঐতিহ্যকে সম্মান জানানোর একটি সুন্দর দৃষ্টান্ত তুলে ধরেছে বিদ্যালয়টি। উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক নিবাস নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। মুক্তিযুদ্ধে শহীদ তার পিতা ফয়জুর রহমান আহমেদের স্মৃতি রক্ষায় ১৯৯৬ সালে গ্রামের বাড়িতে নিজ হাতে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।