সামনে পাকিস্তান, পেছনে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন। ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাস, শ্রীলঙ্কা ম্যাচের আত্মবিশ্বাস সবকিছু নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই, পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। ২০০৩ সালের পর আবারো আঞ্চলিক শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেরার পথে আরেকটি বাধা পেরোতে চায় হামজা চৌধুরীর দল। ২০০৫ সালে পাকিস্তান বাধা বেরিয়ে শেষ বারের মতো সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ২১ বছর পর আজ রাত সাড়ে ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। তার আগে বিকাল সাড়ে ৩টায় প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাংলাদেশের জন্য এটি শুধুই একটি সেমিফাইনাল নয়, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর সুযোগও। সর্বশেষ ২০০৩ সালে সাফের শিরোপা জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২০০৫ সালে কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি। ২০২৩ সালের আসরেও সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু যোগকরা সময়ের গোলে অতিথি দল কুয়েতের কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়। তিন বছর পর এবার নিজেদের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ। তবে এবারের বাংলাদেশ অন্যরকম। দলটির শক্তি ও আত্মবিশ্বাস আগের আসরগুলোর তুলনায় আলাদা। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা চৌধুরীর সঙ্গে আছেন ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোম।
এই তিন ফুটবলারের উপস্থিতি দলের মাঝমাঠ ও আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে। জিদান ইউসুফ, জায়ান আহমেদ, কাজেম শাহরা দলের বিকল্প শক্তি বাড়িয়েছেন। অভিজ্ঞ জামাল ভূঁইয়া তপু বর্মণের নেতৃত্বে দলটির মধ্যে তৈরি হয়েছে দারুণ সমন্বয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেই সামর্থ্যের প্রমাণও দিয়েছে বাংলাদেশ। হামজা, ফারহান ও সতীর্থদের নৈপুণ্যে পাওয়া ওই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, ‘এ’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে। পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল, গোলের সুযোগ তৈরি এবং প্রতিপক্ষের ওপর আধিপত্য সেমিফাইনালের আগে সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ফারহান আলী ওয়াহিদের ব্যক্তিগত নৈপুণ্য এবং হামজার মাঝমাঠ নিয়ন্ত্রণ বাংলাদেশের আক্রমণকে করেছে আরও ধারালো। তবে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেমিফাইনালের আগে দলটির শক্তি বেড়েছে পাঁচ প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে। ফিফা
আন্তর্জাতিক উইন্ডোর বাইরে হওয়ায় গ্রুপ পর্বে খেলতে পারেননি আবদুল্লাহ ইকবাল, ইসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ।
গুরুত্বপূর্ণ এই পাঁচ ফুটবলার সেমিফাইনালের আগে স্কোয়াডে যোগ দেওয়ায় কোচ নলবার্তো সোলানোর হাতে বেড়েছে খেলোয়াড়ের বিকল্প ও কৌশলগত সুযোগ। যদিও এদের ছাড়া পাকিস্তানের গ্রুপ পর্বের শুরুটা অবশ্য ভালো ছিল না। ভারতের কাছে ৩-২ গোলে হেরে অভিযান শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। পাকিস্তানের জন্যও এই সেমিফাইনাল বিশেষ তাৎপর্যপূর্ণ। আট বছর পর সাফের শেষ চারে ফিরেছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে এর আগে মাত্র দুবার সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। সর্বশেষ ২০১৮ সালে ঢাকাতেই ভারতের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কখনো ফাইনালে খেলতে পারেনি দলটি। এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
তবে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। সাফ চ্যাম্পিয়নশিপে সাতবারের দেখায় পাকিস্তানের বিপক্ষে তিন জয় বাংলাদেশের। দুই ম্যাচ হয়েছে ড্র, আর পাকিস্তান
জিতেছে দুটিতে। পরিসংখ্যান, সামপ্রতিক ফর্ম ও ঘরের মাঠের সুবিধা-সব দিক থেকেই এগিয়ে বাংলাদেশ। কিন্তু নকআউট ফুটবলে অতীতের হিসাব কিংবা গ্রুপ পর্বের ফল কোনো নিশ্চয়তা দেয় না। একটি ভুল, একটি মুহূর্ত কিংবা একটি গোলই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই পাকিস্তানের নতুন করে শক্তিশালী হয়ে ওঠা স্কোয়াডের বিপক্ষে শুরু থেকেই সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। বিশেষ করে রক্ষণ সামলে আক্রমণে কার্যকর হওয়াই হতে পারে ফাইনালের পথ খুলে দেয়ার চাবিকাঠি। অন্যদিকে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। বিকাল সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপা ধরে রাখার মিশনে ফেভারিট হিসেবেই শুরু করবে ম্যাচ। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আগের তিন দেখাতেই জিতেছে তারা। তবে এবারের আসরে ভুটানও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় দলটি।
