রেকর্ড অষ্টম শিরোপার হাতছানি খুলনার

ফন্ট সাইজ:

জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) রেকর্ড অষ্টম শিরোপার হাতছানি খুলনার। শেষ রাউন্ড ড্র কিংবা জয় পেলে হিসাব নিকাশ ছাড়া ঢাকাকে টপকে এ রেকর্ডটি নিজেদের করে নেবে মোহাম্মদ মিঠুনের দল। সিলেটে এ রাউন্ডে খুলনার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রামের শিরোপা জয়ের সম্ভবণা ক্ষীণ। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা খুলনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে তারা। শিরোপা উচিয়ে ধরতে হলে চট্টগ্রামকে শেষ রাউন্ডে ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে ভাগ্যের দিকে। শেষ রাউন্ডে খুলনাকে যদি রংপুর বড় ব্যবধানে হারায় তবে ভাগ্য খুলতে পারে চট্টগ্রামের।

২২ পয়েন্ট নিয়ে তিনে থাকা সিলেটের জন্য সমীকরণটা আরো জটিল। শেষ রাউন্ডে বরিশালকে হারানোর পাশাপাশি চোখ রাখতে হবে চট্টগ্রাম ও খুলনার ম্যাচে। এই দুই বড় ব্যবধানে হারলে সুযোগ থাকবে সিলেটের। বাকি পাঁচ দলের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে।

ছয় রাউন্ড শেষে তিন জয় ও তিন ড্র’য়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে খুলনা। সমান ম্যাচে কোনো জয়ের মুখ না দেখা বরিশাল ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। এনসিএলের এবারের মৌসুমে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে সিলেটের নাসুম আহমেদ। পাঁচ ম্যাচে চারটি ফাইফারসহ ৩৬ উইকেট পেয়েছেন এ বাঁহাতি স্পিনার। দুইয়ে থাকা হাসান মুরাদও স্পিনার। ছয় ম্যাচে তার শিকার ৩৩ উইকেট। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন রংপুরের মিম মোসাদ্দেক। ছয় ম্যাচে ৬০.৫৮ গড়ে ৭২৭ রান করেছেন তিনি। এ পথে পেয়েছেন চারটি ফিফটি ও তিনটি সেঞ্চুরি। দুইয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পেয়েছেন। পাঁচ ম্যাচে ডানহাতি এ ব্যাটার করেন ৬৭২ রান।