যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি

ফন্ট সাইজ:

যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। শিমুল মাস্টার ছাতিয়ানতলা চূড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট দু’টি উদ্ধার করে। ডিসি (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এসআরবি’র বোমা ডিসপোজাল টিম বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে।

উদ্ধারকৃত চিরকুটে শিমুল মাস্টারকে লক্ষ্য করে লেখা ছিল, ‘তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস, তোকে সাবধান করার পরও তুই থামছিস না। ভালোমন্দ খেয়ে দেয়ে নে, তোর সময় শেষ হয়ে আসছে। যেকোনো সময় রাস্তায় তোকে হত্যা করে লাশ ফেলা হবে।’ এদিকে ঘটনার খবর পেয়ে চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামীম কবীর ওয়াসিমসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজখবর নেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তু ও চিরকুটটি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।