সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। আমরা বলতে চাই এত খুন, গুম, মানুষকে পঙ্গু করে ফেলার পর কীভাবে ভাবেন এই দেশে আপনাদের বিচার হবে না। এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ই আগস্টের মতো। গতকাল দুপুরে রংপুরের মিঠাপুকুর বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল। এখনো তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন রেখেছিলেন। উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, রংপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা, পিংকি তিজ্ঞাসহ অন্যরা।
