ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ-তরুণী নিহত

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের শ্রীনগর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সমষপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে শ্রীনগর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন। বিষয়টি নিশ্চিত করে, হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ সোহেল রানা জানান, নিহত দু’জন সম্পর্কে বন্ধু-বান্ধবী।

তারা মাওয়া ঘুরতে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের স্বজনদের জানানো হয়েছে, তারা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনরা এলে নিহতদের মরদেহ দু’টি হস্তান্তর করা হবে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়।