নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় নারী আটক পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় নারী আটক পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়

ফন্ট সাইজ:

গত ৫ই নভেম্বর নওগাঁর একটি বেসরকারি বলাকা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার। ঘটনাটি সামনে এলে শহর জুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। এদিকে ঘটনার ৮দিন পর বগুড়ার আদমদীঘি থেকে একটি নবজাতক উদ্ধার করে সেটিকে নিখোঁজ ওই শিশু বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘির তারতা গ্রামের মলিনা (৪০) নামে এক নারী ও তার স্বামীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেয়া যমজ সন্তানের এক নবজাতক চুরির মামলা হবার পর পুলিশ তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী এক নবজাতক আছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক নারী পুলিশ হেফাজতে আছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরবর্তী সময়ে তিনি স্বীকার করেছেন নবজাতকটিকে তিনি সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এর মধ্যে শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে।