সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল করিমের বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে এসব ডিলারশিপ নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত টিসিবি’র ডিলার নিয়োগসংক্রান্ত গেজেটে ফজলুল করিমের মালিকানাধীন ‘হো ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানকে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই নামে তার আগে থেকেই খুচরা সার বিক্রির ডিলারশিপ রয়েছে। অন্যদিকে, কিছুদিন আগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ‘স্বপ্নীল ট্রেডার্স’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে সার ডিলার হিসেবে অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফজলুল করিমের স্ত্রী উম্মে হাবীবা স্মৃতি। অর্থাৎ, ফজলুল করিমের নিজের নামে দু’টি এবং স্ত্রীর নামে একটি, সবমিলিয়ে একই পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে তিনটি সরকারি ডিলারশিপ।
নীতিমালা অনুযায়ী, একই ব্যক্তি কিংবা একই পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক ডিলারশিপ গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। নীতিমালা লঙ্ঘন করে কিংবা তথ্য গোপন করে একাধিক ডিলারশিপ গ্রহণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সব ডিলারশিপ বাতিলসহ কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, বিদ্যমান নীতিমালা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও কীভাবে ফজলুল করিম নিজের ও স্ত্রীর নামে তিনটি সরকারি ডিলারশিপ পেলেন? এ ছাড়া ডিলার নিয়োগের দায়িত্বে থাকা বাছাই কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যথাযথ যাচাই বাছাই ছাড়াই এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে কিনা, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল করিমের বক্তব্য জানতে চাইলে তিনি একাধিক ডিলারশিপ নেয়ার কথা স্বীকার করেন।
একই সঙ্গে প্রতিবেদকের সঙ্গে সরাসরি দেখা করে এ বিষয়ে বক্তব্য দেবেন বলেও জানান। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
