নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন (৫২) গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের টিসিবি পণ্য বিতরণ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। সেলিম রেজা রিপন উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর উত্তরবাড়ীর জিল্লুর রহমানের বড় ছেলে। তিনি নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
জানা গেছে, থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নির্দেশে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা রিপনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবারে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
