বিটিভি বিতর্কে চ্যাম্পিয়ন জগৎমণি

বিটিভি বিতর্কে চ্যাম্পিয়ন জগৎমণি

ফন্ট সাইজ:

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জাতীয় বাংলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ফরিদপুর জিলা স্কুলকে পরাজিত করে গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দলটি। চ্যাম্পিয়ন দলে ছিলেন- সাদিকা জামান, সিদরাতুল সাউদা, মারুফা সুলতানা মৌ, সাদিয়া আক্তার মুমু, ফাবিহা রাইসা তালুকদার, তালাত তালহা, সাবিহা কাদের সারা ও মরিয়ম আক্তার মুন। প্রতিযোগিতার শুরু থেকেই জগৎমণি স্কুলের বিতার্কিকরা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছিল। ফাইনালে তাদের যুক্তির ধার, তথ্য উপস্থাপন, ভাষার সাবলীলতা এবং দলগত পারফরম্যান্স বিচারকদের মুগ্ধ করে। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন তাদের দীর্ঘদিনের অনুশীলন ও প্রস্তুতির ফসল। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম মণ্ডল বলেন, আমি বিগত ২০ বছর যাবৎ বিদ্যালয়ের বিতর্ক ক্লাব পরিচালনা করে আসছি। এখন পর্যন্ত এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে আসছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন বলেন, আমাদের বিদ্যালয়ে ৪টি ক্লাব রয়েছে। ডিবেট ক্লাব, ভাষা ও সাহিত্য ক্লাব, সংস্কৃতি ক্লাব ও বিজ্ঞান ক্লাব। সহশিক্ষাক্রম কার্যক্রমের অংশ হিসেবে প্রায় সারা বছরই এই ৪টি সংগঠনের কার্যক্রম চালু থাকে। সংসদ সদস্য মানসুরা আলমের অনুপ্রেরণায় বিটিভিতে আমার বিদ্যালয় অংশগ্রহণ করে এবং ফরিদপুর জিলা স্কুলকে হারিয়ে গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এই সাফল্যের জন্য বিতার্কিক দল ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম। উপজেলার শিক্ষানুরাগীরা বলছেন, একটি মফস্বল উপজেলার স্কুলের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া প্রমাণ করে, সুযোগ আর সঠিক দিকনির্দেশনা পেলে গ্রামের শিক্ষার্থীরাও দেশের সেরা হতে পারে।