জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকলগুলোকে রক্ষা করতে হবে। তিনি বলেন, দেশে চিনি উৎপাদন হয় বলে এখনো সাধারণ মানুষ চিনি কিনে খেতে পায়, এসব চিনি কল বন্ধ হয়ে গেলে চিনির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এসব চিনিকলের উপরে দেশের হাজার হাজার মানুষের জীবিকাও নির্বাহ করছে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। গতকাল বিকালে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিনিকল চত্বরে আয়োজিত মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, আগামী ৬৫ মাড়াই দিবসে ৯০ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার চিনিকলটি ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে।
চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.৭ ভাগ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করেন। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সকলে বাংলাদেশি হিসেবে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের ধর্ম যার যার কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।
