যশোরে ২০০ পরিবারের মধ্যে ২০ লাখ টাকার চেক বিতরণ

যশোরে ২০০ পরিবারের মধ্যে ২০ লাখ টাকার চেক বিতরণ

ফন্ট সাইজ:

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কার্যক্রম চলমান রয়েছে, ইনশাআল্লাহ আগামী বছর জুন মাসে চালু হবে সিসিইউ। করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরূপে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। যাতে সাধারণ মানুষ সরকারিভাবে এই সুবিধা পেতে পারে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত যশোর সদর উপজেলার দুস্থ অসহায় পরিবার এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ২০০ দুস্থ অসহায় পরিবার এবং গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ রায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।