নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার (৫৫) এবং ছাত্রলীগের মিছিলে অংশ নেয়ার অভিযোগসহ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকায় ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে রাতে বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশের দাবি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগসহ সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ততার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে। অন্যদিকে, একই রাতে উপজেলার ইন্দুরহাট বাজার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোলাম সারোয়ারের বিরুদ্ধে গত ২৬শে অক্টোবর নেছারাবাদ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারভুক্ত ২০ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া গত ২৫শে অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল বের হয়েছিল। ওই মিছিলে আবু সাঈদ সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ছাত্রলীগ নেতা আবু সাঈদ তাদের সংগঠনের স্বপক্ষে ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে এলাকা অস্থিতিশীল করে তুলছিল। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
