২৩ বছর বয়সী তরুণ নাহিদ উজ্জামান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি-ইসরাইল মোড়ের নজরুল ইসলামের ছেলে। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তিনি এই বয়সে প্রতিষ্ঠা করেছেন ‘শান্তি নিবিড় পাঠাগার’। পাশাপাশি রাস্তার ধারে, স্কুল-কলেজ প্রাঙ্গণে প্রতিনিয়ত করেছেন বৃক্ষরোপণ। গাছ, পাখি আর বইকে তিনি করেছেন নিত্যদিনের সঙ্গী। জানা যায়, নাহিদ মানুষকে বইমুখী করতে ২০২০ সালে ১৮টি বই নিয়ে শুরু করেন পাঠাগারের কার্যক্রম। নিজেদের মুরগির খামার থেকে অর্জিত টাকা দিয়ে কেনেন বই। সেই সঙ্গে করেন বৃক্ষরোপণও। পাখিদের নিরাপদ আশ্রয় করতে মাটির কলস ঝুলিয়ে দেন গাছে। এ ছাড়া, পথচারীদের বিশ্রামের জন্য রাস্তার পাশে তৈরি করছেন বসার বেঞ্চ। রাস্তার দু’পাশে লাগাচ্ছেন গাছ, পরিষ্কার করছেন সড়ক ও জনপদ বিভাগের স্থাপনা কিলোমিটার সাইনবোর্ড। তিনি এ পর্যন্ত ১০ হাজারের অধিক বৃক্ষরোপণ করেছেন। নাহিদ শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শিবগঞ্জ ব্যবসায়ী ব্যবস্থাপনা কলেজ থেকে এইচএসসি পাস করে বর্তমানে কানসাট সোলেমান ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। দুই ভাইয়ের মধ্যে নাহিদ ছোট। বাবা ব্যবসায়ী আর মা গৃহিণী।
নাহিদ ২০১৪ সালে গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী হন। দীর্ঘ রোগভোগের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ছোট্ট নাহিদ। তবে দিনভর মন খারাপ করে বসে থাকতেন। তখন বাবা অনুপ্রেরণা দেন, ভালো কাজে যুক্ত হওয়ার, সামর্থ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর। শুরু হয় তার নতুন যাত্রা। তার স্বপ্ন, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। বাবার পাশাপাশি স্কুলশিক্ষকদের পরিবেশ-প্রকৃতির ওপর নানা অনুপ্রেরণামূলক কথাবার্তায় রাস্তার পাশে বৃক্ষরোপণ শুরু করেন তিনি। দরিদ্র শিক্ষার্থীদের কিনে দেন গাইড বই ও স্কুলব্যাগ। ধীরে ধীরে তার এই কার্যক্রম ছাড়িয়ে যায় জেলা জুড়ে। পর্যায়ক্রমে তিনি দেশের বিভিন্ন জেলা, উপজেলায় শতাধিক শিক্ষার্থীর কাছে শিক্ষা উপকরণ পাঠাতে থাকেন। নাহিদ উজ্জামান বলেন, ‘কুরিয়ারের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ পাঠাই। তবে নিজ গ্রাম ও আশপাশের গ্রামে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসি। কখনো পরিচিত কাউকে পেলে তার মাধ্যমেও পাঠানোর ব্যবস্থা করি।’ এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি গাছের চারা রোপণ করেছেন নাহিদ।
১৮টি বই নিয়ে ২০২০ সালে নিজ গ্রাম জালমাছমারি-ইসরাইল মোড়ে শুরু করেন পাঠাগারের যাত্রা। বর্তমানে পাঠাগারটিতে কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্যসহ ৭ হাজারেরও বেশি বই রযেছে। দৈনিক প্রায় অর্ধশতাধিক পাঠক এই পাঠাগারে বই পড়েন। নিবন্ধিত সদস্য তিন শতাধিক। এ ছাড়াও বসে বই পড়ার জন্য উন্মুক্ত পাঠাগারটি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খাতায় নাম-ঠিকানা লিপিবদ্ধ করে পাঠকরা বইও নিতে পারেন। টপ বইপড়ুয়া পাঠকদের গাছের চারা উপহার দেন। প্রতি মাসে আয়োজন করেন পাঠচক্রের। পাঠাগারটি জাতীয় গ্রন্থকেন্দ্রে নিবন্ধিত। সপ্তাহের সাতদিনই দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে পাঠাগার। নাহিদ এসব সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা সংগঠন থেকে সম্মাননা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের চাঁপাই ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাদা মনের মানুষ হিসেবে গুণিজন সম্মাননা পেয়েছেন তিনি। নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার, মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬ পেয়েছেন নাহিদ উজ্জামান। এ ছাড়াও জেলার বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। সর্বশেষ গত ১২ই নভেম্বর বই, গাছ, পাখি প্রকৃতি পরিবেশ নিয়ে সমাজে বিশেষ অবদান রাখায় ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা পেয়েছেন। নাহিদের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমি ছেলেকে বলেছিলাম, মানুষের পাশে দাঁড়িয়ে মনুষ্যত্বের পরিচয় দিতে।
আমার মুরগির খামারে কাজ করে সে। কাজের বিনিময়ে এবং নিজের আয়ের একটি অংশ সমাজসেবায় ব্যয়সহ ভালো কাজে যুক্ত থাকার উৎসাহ দিই সব সময়। শিবগঞ্জ কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হামিদ বলেন, নাহিদ শিবগঞ্জ উপজেলার একজন আলোকিত মানুষ। সে ‘বেচি মুরগি, কিনি বই’ নামেও সুপরিচিত। উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান মানুষরা তার পাশে থাকলে কাজে যেমন উৎসাহ পাবে, তেমনি পরিবেশ আন্দোলনও গতিশীল হবে। নিজের স্বপ্নের কথা জানতে চাইলে নাহিদ উজ্জামান বলেন, আমি বাবার দেয়া পরামর্শে সব সময় ভালো কাজে যুক্ত থাকার চেষ্টা করি। যতদিন বেঁচে আছি, ততদিন বই এবং গাছ নিয়ে কাজ করে যেতে চাই। আল্লাহ্ চাইলে একটি শিক্ষা প্রতিষ্ঠান করার স্বপ্ন আছে, যেখানে ঝরে পড়া শিক্ষার্থীরা শিক্ষা পাবে। এ ছাড়া, পাঠাগারটিকে আরও সমৃদ্ধিশালী করবো। দেশব্যাপী পাঠাগারের কার্যক্রম ছড়িয়ে দেবো।
