চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ অভিযানে অংশ নেয়।
অপরাধীরা যাতে পাহাড়ের দুর্গম ভূ-প্রকৃতি ও বিচ্ছিন্ন বসতিগুলোকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযানকালে ছয়জনকে আটক করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
