জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার

জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়ন, মসজিদের খতিব গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের এক খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. রেজাউল বারী (৪৭)। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে তার বাড়ি। রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। পুলিশ ও কিশোরীর পরিবার জানান, ২৩ বছরের কিশোরীকে জ্বিনে আছড় করেছে ধারণা থেকে মা-বাবা গত ২০শে সেপ্টেম্বর অসুস্থ মেয়েকে নিয়ে মসজিদের খতিব রেজাউলের শরণাপন্ন হন। ওই সময় কিশোরীকে বিভিন্ন ঝাড়ফুঁকসহ তাবিজ-কবজ দেন সেই খতিব। এতে কিশোরী কিছুদিন সুস্থ থাকেন। কয়েকদিন পর আবার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় খতিবের সঙ্গে যোগাযোগ করেন পরিবারটি। খতিবের কথা মতো গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে সঙ্গে করে তার মা-বাবা শ্রীনগর বাজার এলাকায় খতিবের ভাড়া বাসায় ছুটে যান।

পরে জ্বিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ঘর অন্ধকার করে দেন ওই খতিব। সে সময় কিশোরীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন তিনি। কিশোরীর মা-বাবার অভিযোগ, ওই রাতে জ্বিন তাড়ানোর কথা বলে অন্ধকার ঘরের ভেতর বিভিন্ন কৌশলে তার মেয়েকে যৌন নির্যাতন করেন। পরে তারা রাতেই শ্রীনগর থানা পুলিশের কাছে অভিযোগ করেন। শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, যৌন নিপীড়নের শিকার কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালান। এ সময় শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত খতিব রেজাউলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।