চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ফন্ট সাইজ:

চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় নগরের ১০টি নির্ধারিত কেন্দ্রে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। একজন পোশাক শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। শুক্রবার সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টসের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি।
কর্মসূচির আওতায় চাল কিনতে হলে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে স্বাক্ষর নেয়া হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাক শ্রমিকদের কাছে কর্মসূচির সুবিধা পৌঁছে দেয়া নিশ্চিত করা হচ্ছে। চট্টগ্রামে নির্ধারিত ১০টি কেন্দ্রে ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। কেন্দ্রগুলো হলো- বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে (লয়েল টেক্স লিমিটেড), অক্সিজেন রেলগেটের পাশে (কেডিএস ফ্যাশন লিমিটেড), দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে (প্রিয়ম গার্মেন্টস লিমিটেড), কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে (আজিম গ্রুপ, ওভেন ডিভিশন), বাহির সিগন্যালের রেললাইনের উত্তর পাশে (বেইজ টেক্স লিমিটেড, ফোর এইচ গ্রুপ), বায়েজিদ রুবি গেটের সামনে (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড), বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে (দ্য নিট অ্যাপারেলস লিমিটেড), উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে (কাট্টলী টেক্সটাইল লিমিটেড), সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে (বিডি অ্যাপারেলস লিমিটেড) এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে (কেনপার্ক)। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাকে চাল বিক্রি করা হবে। জুমার নামাজের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। কোনো ট্রাকে চাল অবিক্রীত থাকলে পরদিন শনিবার তা বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।