জামালপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

জামালপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

ফন্ট সাইজ:

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা লেনদেনের আলোচনার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। শুক্রবার দুপুরে জামালপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলার প্রার্থীদের নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ লাইন্স গেটের বাইরে এ ঘটনা ঘটে। জানা যায়, নিয়োগপ্রার্থী গোলাম নবী রাকিবের বাবা একরামুল হকের সঙ্গে কয়েকজন ব্যক্তি পুলিশে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে টাকা লেনদেনের বিষয়ে আলোচনা করছিলেন। বিষয়টি জানতে পেরে জামালপুর ডিবি-১ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর থানার বামনহাটা গ্রামের মৃত জব্বার শেখের ছেলে মো. আব্দুল মান্নান (৬৫), জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার মৃত মনি মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ এবং সরিষাবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. সামিউল ইসলাম।

জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন জানান, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে সম্পন্ন করা হয়। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কেউ টাকা দাবি করলে প্রতারকদের ফাঁদে পা না দিয়ে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশ কার্যালয়ে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, চাকরির নামে টাকা দেয়া ও নেয়া উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।