নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে বিদ্যমান দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত স্থায়ী সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গেরিলা কায়দায় মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সালামত খানের বিরুদ্ধে ভাড়াটিয়া সশস্ত্র লোকদের নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ার অভিযোগ ওঠে। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে যুবলীগ নেতা আলমগীর বাহিনী। উভয়পক্ষের বিরুদ্ধেই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করে। মারমুখি সংঘাতের খবর পেয়ে থানার ওসি আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলেও হিমশিম খেতে হয়। একপর্যায়ে ওসির নেতৃত্বে পুলিশ বিদ্যমান সংঘাতের মধ্যখানে ঢুুকে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় ভযাবহ পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে সংঘাত সংঘর্ষে ইতিপূর্বে সালামত খান বাহিনীর তাণ্ডবে প্রতিপক্ষ লোকজনের ১৫-২০ বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। প্রায় দুই বছর গ্রামছাড়া আলমগীরের লোকজন সম্প্রতি গ্রামে প্রবেশ করে। সংঘাত নিরসনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ৭ দফা রেজুলেশন হলেও সালামত বাহিনী সমাধানে সম্মত না হওয়ায় উত্তেজনা নিরসনে প্রশাসন ব্যর্থ হয়। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া সরজমিন গিয়েও সালামত বাহিনীকে নিবৃত করতে ব্যর্থ হন। যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা সাবেক ইউপি সদস্য বাবুল চৌধুরী তাণ্ডবের নেতৃত্বে রয়েছেন মর্মে প্রশাসন ও স্থানীয় লোকজন নিশ্চিত করেন। সূত্র জানায়, মসজিদ নিয়ে বিরোধের জের হিসেবে হামলা, লোপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের নজির তৈরি হয়েছে। প্রতিপক্ষের ৭-৮টি পাকা বাড়িঘর ভাঙচুরের তাণ্ডব দেখে হতবাক হন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। আইনশৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা সালামত খান ও যুবলীগ নেতা দুলাল, বদরুল ও হাদীর নেতৃত্বে ঘোষণা দিয়ে এসব কর্মকাণ্ড চালানো হয়।
মসজিদ নিয়ে বিরোধের জের হিসেবে বিভক্ত খান গোষ্ঠীর নেপথ্যে ওই গ্রামের চৌধুরী গোষ্ঠী ইন্ধন দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করে। ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ ও যুবলীগ নেতার আর্থিক সহায়তায় এসব তাণ্ডব চলছে। গত বছরের মার্চ মাস থেকে চলমান উত্তেজনা নিরসনে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও জামায়াত নেতারা সম্মিলিত চেষ্টা চালালেও সালামত বাহিনী সুযোগ দিচ্ছে না। এর নেপথ্যে কলকাঠি নাড়ছে প্রবাসী যুবলীগ নেতা বাবুল চৌধুরী। প্রতিপক্ষের ফসলি জমির পাকা ধান, বৃক্ষসহ বাড়িঘর লোপাট, অগ্নিসংযোগ শেষে এবার শুরু হয় বাড়িঘর ভাঙচুরের তাণ্ডব। বিগত কয়েক মাস ধরে হামলা, গুপ্ত হামলায় পরস্পর বিরোধী হাফ ডজন মামলা হয়েছে। ওদিকে, বৃহস্পতিবার সংঘাতের জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
