হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের উন্মাদনা থাকলেও পাকিস্তান গোলকিপার ইউসুফ বাটের কাছে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা বা দুশ্চিন্তা নেই তার। বরং নিজের ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতেই বেশি রোমাঞ্চিত পাকিস্তানের এই গোলকিপার। তার বিশ্বাস, হামজার মতো পাকিস্তান দলেও রয়েছেন বেশ কয়েকজন মানসম্পন্ন ফুটবলার।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ বাট বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা। হামজা অবশ্যই ভালো খেলোয়াড়। তবে আমাদের দলেও আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের দলেও ভালো মানের ফুটবলার আছে।’
পাকিস্তান দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই গোলকিপার। নতুন পাঁচজন খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেয়ায় শক্তি আরও বাড়বে বলে মনে করেন তিনি। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ইউসুফ। তার ভাষায়, ‘সবকিছু দলকে নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করি, সেটাই জয়ের জন্য যথেষ্ট হবে।’
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা থাকে। অতীতের স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন ইউসুফ। ২০১৮ সালের ম্যাচে আত্মঘাতী গোলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালেও আত্মঘাতী গোলের কারণে তারা ভাগ্যবান হয়েছিল। তবে ফুটবলে এমন হতেই পারে। আশা করি, এবার ফলাফল অন্যরকম হবে।’
বাংলাদেশের সমর্থকদের গ্যালারির চাপ নিয়েও কথা বলেছেন তিনি। তবে এবারের প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকায় স্বস্তি পাচ্ছেন পাকিস্তান গোলকিপার। তার মতে, স্বাগতিক দলের সমর্থকদের চাপের মধ্যে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউসুফ বলেন, ‘বাংলাদেশের দর্শকদের কাছ থেকে বেশ ভালো চাপ থাকে। তবে এবার ভিএআর থাকায় আমি ব্যক্তিগতভাবে খুশি। আমার মনে হয়, এটি আমাদের জন্য বড় সহায়তা হবে। বিশেষ করে স্বাগতিক দল ও তাদের সমর্থকদের সামনে খেলতে গেলে যে চাপ তৈরি হয়, সেখানে প্রযুক্তিটি কাজে আসবে।’
ভারতের বিপক্ষে আবারো মাঠে নামার ইচ্ছাও প্রকাশ করেছেন ইউসুফ। তবে তার আগে বাংলাদেশের বাধা পেরোনোকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। ভারতের কাছে আগের হারের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমি সত্যিই ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই খারাপ ছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে সেটি সম্ভবত আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। আশা করি, ইনশাআল্লাহ ফাইনালে আবার তাদের মুখোমুখি হব। তবে এক ম্যাচ করে এগোতে হবে। আপাতত আমাদের সামনে বাংলাদেশ।’
সাফ চ্যাম্পিয়নশিপকে পাকিস্তান দলের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে দেখছেন এই গোলকিপার। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব থাকলেও সাফের শিরোপা জয়ের লক্ষ্য থেকে সরে আসতে চান না তারা। ইউসুফের প্রত্যাশা, এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে পাকিস্তান।
