সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ড্রেজার মেশিনসহ চারটি বালুবাহী বোট এবং নদীর তীরবর্তী সাতটি প্রতিষ্ঠানের অবৈধ ২ লক্ষ ১০ হাজার ঘন ফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ বালু ক্রয়-বিক্রয়ের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্ট ও তীরবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নদীর পাড়ে গড়ে ওঠা মোট সাতটি প্রতিষ্ঠানের অবৈধ বালুর স্তূপ বা গাদা জব্দ করে প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু কেনা-বেচার সাথে জড়িত থাকার অপরাধে আবু মুছার ম্যানেজার আনিছুরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্য এবং গনমাধ্যমকর্মীরা।
ইউএনও শামচ্ছুজাহান কনক জানান, ৭টি বালির গাঁদায় জব্দকৃত ২ লক্ষ ১০ হাজার ঘন ফুট বালি ও বালুভর্তি ইঞ্জিনচালিত বোর্টগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভুমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
