ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ফন্ট সাইজ:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা করা হয়েছে। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, জাল টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৭ জন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, লালবাগে ৬০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, ওয়ারীতে ৪৮ জন এবং রমনা বিভাগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের মধ্যে গোয়েন্দা বিভাগে চারজন এবং স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একজন রয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ তিনটি ককটেল ও বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। এ ছাড়া ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।