৩ নভেম্বরের রাতটা ডনাল্ড ট্রাম্পের জন্য সুখকর ছিল না। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষই হারিয়েছে তার রিপাবলিকান পার্টি। এনবিসি নিউজের হিসাবে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের হাতে এখন ৫৫টি, রিপাবলিকানদের ৪৪টি। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা পেয়েছে ২৫৪টি আসন, রিপাবলিকানরা ১৬৯টি; ১২টির ফল বাকি। জাতীয় ভোটে ব্যবধান প্রায় ১৩ শতাংশ পয়েন্ট, যা ১৯৭৪ সালের পর সবচেয়ে বড়।
অথচ দুই বছর আগে বিপুল জয় নিয়ে হোয়াইট হাউসে ফিরেছিলেন ট্রাম্প। তারপর একের পর এক বিতর্ক। দেশে দেশে পাল্টা শুল্ক, মিত্র ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড দাবি, ইরানে যুদ্ধ, এমনকি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা। হারের পর এখন ভোটযন্ত্র নিয়েই প্রশ্ন তুলছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো: খালিদ কুদ্দুস এই ফলকে দেখছেন যুদ্ধংদেহী নীতির জবাব হিসেবে। তিনি বলেন, ‘সারা পৃথিবীতে কেউ যুদ্ধ চায় না। তার ফলটাই আমরা এই নির্বাচনে পেয়েছি।’ বুথফেরত জরিপও একই কথা বলছে। ৮৮ শতাংশ ভোটার খাদ্যপণ্যের দাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
তবে মার্কিন পররাষ্ট্রনীতি রাতারাতি বদলাবে না বলে মনে করেন তিনি। বদলাবে ঘরের রাজনীতি। আইন পাস কঠিন হবে, আসবে একের পর এক তদন্ত। আর অভিশংসন? সিনেটে দোষী সাব্যস্ত করতে লাগে ৬৭ ভোট, ডেমোক্র্যাটদের আছে ৫৫। অধ্যাপক কুদ্দুসের মতে, আগামী দুই বছরে ট্রাম্পকে সরানো সম্ভব নয়।
ইরান যুদ্ধকে তিনি দেখেন অন্য চোখে। ‘যুদ্ধটা আসলে চীনের সঙ্গে।’ ভেনেজুয়েলা ও ইরানের সস্তা তেল চীনের কাছে যাওয়া ঠেকানোই ছিল লক্ষ্য। কিন্তু ইরান যে হরমুজ প্রণালি বন্ধ করে দেবে, ওয়াশিংটন তা ভাবেনি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর আট মাস পেরিয়েছে, প্রণালি এখনো কার্যত অচল। আগে দিনে গড়ে ৮৫টি জাহাজ চলত, ৮ নভেম্বর পার হয়েছে মাত্র তিনটি। তেলের ব্যারেল ৯২ ডলারে।
এই যুদ্ধে আমেরিকা ছিল প্রায় একা। ন্যাটো মিত্ররা পাশে দাঁড়ায়নি। কারণটা অধ্যাপক বোঝালেন ঘরোয়া উদাহরণে। কাছের মানুষকে যদি বলা হয় বাড়ির জমি জোর করে লিখে দিতে, আস্থা কি থাকে? গ্রিনল্যান্ড চেয়ে ট্রাম্প সেই আস্থাই ভেঙেছেন।
এই ফাঁকে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া আরও কাছাকাছি এসেছে। ব্রিকস দেশগুলো নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়াচ্ছে। ডলার এখনো প্রধান মুদ্রা। তবে এই ধারা চললে আমেরিকার আজকের অবস্থান থাকবে না বলে তার আশঙ্কা।
দক্ষিণ এশিয়ায় ওয়াশিংটনের ভরসা ভারত। ৫০ শতাংশ শুল্ক চাপিয়েও গত ফেব্রুয়ারিতে তা ১৮ শতাংশে নামাতে হয়েছে ট্রাম্পকে। অধ্যাপক কুদ্দুস বলেন, ‘ভারতকে ছাড়া এ অঞ্চলে আমেরিকা তার নীতি বাস্তবায়ন করতে পারবে না।’
বাংলাদেশের গল্পটা উল্টো। জাতীয় নির্বাচনের তিন দিন আগে, ৯ ফেব্রুয়ারি, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে। পাল্টা শুল্ক নামে ১৯ শতাংশে। বিনিময়ে ২৫টি বোয়িং, পাঁচ বছরে ৩৫ লাখ টন গম আর ১৫ বছরে দেড় হাজার কোটি ডলারের জ্বালানি কেনার প্রতিশ্রুতি। অধ্যাপক কুদ্দুসের চোখে এটি ‘ব্লান্ডার’। তাঁর যুক্তি, এমন চুক্তি নির্বাচিত সংসদে আলোচনা করে হওয়া উচিত ছিল। তার হিসাবে, আগের শুল্ক মিলিয়ে পোশাক খাতে ভার দাঁড়াচ্ছে প্রায় ৩৫ শতাংশ। ক্রেতা সরছে, কারখানা বন্ধ হচ্ছে। এদিকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার দুই মাসে ৪৭৫ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। তার প্রশ্ন, বোয়িং হয়তো লাগবে, কিন্তু টাকাটা আসবে কোথা থেকে?
ট্রাম্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, এটুকু নিশ্চিত। ঢাকার সামনে প্রশ্নটা অন্য। ১৮ কোটি মানুষের স্বার্থে চুক্তিগুলো নিয়ে আবার আলোচনার টেবিলে বসবে কি সরকার?
মার্কিন মিডটার্ম নির্বাচন ও বিশ্বরাজনীতির ভবিষ্যৎ
পরিবর্তিত পরাশক্তি সমীকরণ ও বাংলাদেশের ঝুঁকি
দেবাশীষ কুমার
মত-মতান্তর
১৭ মিনিট আগে
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ১১ঃ৪৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
