মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. রাফি (২০) ও জান্নাতুল মাওয়া (১৯)। তাদের বাড়ি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে মাওয়ার দিকে যাচ্ছিলেন রাফি ও মাওয়া। পথে শ্রীনগরের সমষপুর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান দুজন। এ সময় তাদের ওপর দিয়ে গাড়িটি চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুজনের মরদেহ থানায় নেয়া হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেলটিকে যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।
