খুলনার রূপসায় দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে হীরকের দোকানের পাশে থামেন। তখন হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে দুজনই পালিয়ে যান।
গুলিবিদ্ধ জাকিরকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
অনলাইন
১৩ মিনিট আগে
১৩ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৭ঃ৪৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
