শ্রমিক অসন্তোষ, ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

সহযোগীদের খবর

শ্রমিক অসন্তোষ, ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

ফন্ট সাইজ:

সমকাল

দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন— ‘শ্রমিক অসন্তোষ, ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা’। এতে বলা হয়েছে, টানা দুই সপ্তাহ ধরে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। গতকাল বৃহস্পতিবারও অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যান। কর্তৃপক্ষের নানা চেষ্টা সত্ত্বেও তাদের কাজে ফেরানো যায়নি। এ পরিস্থিতিতে ২০৪টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা আছে– ‘কাজ নেই তো বেতন নেই’, অর্থাৎ যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা। ছুটি ঘোষণা করা ২০৪ কারখানার মধ্যে সর্বাধিক ১৩৭টিই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের।

পরিস্থিতির উন্নতি না হলে রোববার থেকে ১৩(১) ধারায় পোশাক কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন অনেক মালিক। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। পরিস্থিতি বিশ্লেষণ করে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে শ্রমিক অসন্তোষে জড়িত নয় এমন শিল্প গ্রুপের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গতকাল সমকালকে বলেন, দুই সপ্তাহ ধরে কারখানা বন্ধ থাকায় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ১৩(১) ধারায় কারখানা বন্ধ করতে চান। পরিস্থিতির উন্নতি না হলে হয়তো সেদিকেই যেতে হবে। গত দুদিনে বেশ কিছু কারখানা এই ধারায় নিজেদের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

বিজিএমইএর সভাপতি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, সেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলে দিতে সরকারের শীর্ষ পর্যায়ে অনুরোধ করেছেন তারা। এরই মধ্যে কয়েকটি কারখানার ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।

তৈরি পোশাক খাতে শ্রমিক আন্দোলনে ইন্ধন ও অর্থায়নের অভিযোগে এনবিআর দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ এবং লেনদেনের তথ্য তলবের উদ্যোগ নেয়। এর মধ্যে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব কারখানায় শ্রমিকরা কাজ করছেন না, সেগুলো ১৩(১) ধারায় বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মালিকরা। তাদের মতে, দুই সপ্তাহ ধরে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে বেরিয়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

শ্রম আইন অনুযায়ী, প্রতি মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে পোশাক শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হয়। সপ্তাহের শুরুতে বা কোনো কোনো মাসে সপ্তাহের শেষ দিন ছুটি থাকায় কারখানাগুলোতে ৮ থেকে ১০ তারিখের মধ্যে মজুরি দেওয়া হয়।

শ্রম অসন্তোষে ছুটি ঘোষণা করা কারখানার তালিকা বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরের বেতন দেওয়ার সময় অসন্তোষ কমে আসে। তবে বেতন পাওয়ার পর তা আবার বাড়তে থাকে। গত ৩১ অক্টোবর থেকে বিভিন্ন কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। সেদিন বন্ধ কারখানার সংখ্যা ছিল ১৪৪। ২ নভেম্বর সর্বোচ্চ ৬৮৯টি কারখানা বন্ধ ছিল। ৮ নভেম্বর ছুটি ঘোষণা করা হয় ২০টি কারখানায়। পরদিন ৯ নভেম্বর এ সংখ্যা কমে ৫-এ দাঁড়ায়। তবে ১০ নভেম্বর থেকে আবার অসন্তোষ বাড়তে থাকে। সেদিন বন্ধ হয় ১৪৬টি কারখানা। ১১ নভেম্বর বন্ধ ছিল ১৮২টি। গতকাল বৃহস্পতিবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০৪-এ।

সাভার ও আশুলিয়া পুরোপুরি শান্ত হয়নি

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি গতকালও স্বাভাবিক হয়নি। সকালে জামগড়া ও নরসিংহপুর এলাকার অন্তত ১৬টি কারখানার শ্রমিকরা হাজিরা কার্ড পাঞ্চ করে কাজ না করেই বেরিয়ে যান। তাদের মধ্যে কিছু শ্রমিক আশপাশের গলিতে অবস্থান নিয়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। শিল্প পুলিশের ভাষ্য, বহিরাগত আন্দোলনকারীরা কারখানা কর্তৃপক্ষকে জোর করে ছুটি ঘোষণার জন্য চাপ দেন। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কারখানার কোয়ালিটি বিভাগের জুনিয়র কিউআই মো. সজীব হাসান মাথায় আঘাত পান। পরে তাঁকে স্থানীয় সিটি হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও ছিল।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের বাইরে থেকে ইন্ধন দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে ‘আমরা কাজ করছি না, তোমরা কেন কাজ করছ’– এমন বার্তা ছড়িয়ে শ্রমিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এসব দেখে কোনো কারণ ছাড়াই অনেক শ্রমিক কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। আবার যারা ওভারটাইম করছেন, তাদের ওপর বাইরে থেকে এসে হামলার ঘটনাও ঘটেছে। সিসি ক্যামেরা ও সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড গতকাল বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই ধারায় সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে ১০ নভেম্বর থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের তিন প্রতিষ্ঠান নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কাইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গতকাল শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কয়েকটি পয়েন্টে পুলিশ, বিজিবি সদস্য ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে পাল্টা হামলার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় ২০ থেকে ২৫টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তাদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রথম আলো

পত্রিকাটির প্রথম পাতার একটি সংবাদে বলছে— ‘আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ’। এতে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে— এ প্রশ্নে জাতীয় সংসদে দফায় দফায় হইচই, হট্টগোল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।

আগের দিন বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।

নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।

অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বণিক বার্তা

‘অন্য ভাষা শিক্ষায় আগ্রহ কম বাংলাদেশীদের, দ্বিতীয় ভাষা জানেন মাত্র ৭%’ প্রধান শিরোনাম করেছে দৈনিক বণিক বার্তা। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক— প্রায় প্রতিটি শিক্ষাস্তরেই বাধ্যতামূলক বিষয় হিসেবে রয়েছে ইংরেজি। তবুও এই ভাষায় যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারছেন না তাদের বড় একটি অংশ।

অন্যদিকে এর বাইরে আরবি, জাপানি, চীনা কিংবা অন্য কোনো বিদেশী ভাষা শেখার আগ্রহও সীমিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশের ৯২ দশমিক ৯৪ শতাংশ মানুষেরই মাতৃভাষা বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষতা নেই। দ্বিতীয় ভাষা জানেন কেবল ৭ শতাংশ মানুষ।

দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

তবে দেশে দ্বিতীয় ভাষা শিক্ষার বর্তমান চিত্রই বলছে, এ উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ।

বিশেষ করে ইংরেজি শিক্ষার দীর্ঘদিনের দুর্বলতা কাটানোর পাশাপাশি নতুন ভাষা শেখানোর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠ্যক্রম ও অবকাঠামো নিশ্চিত করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা।

নয়া দিগন্ত

দৈনিকটির প্রধান শিরোনাম— ‘রাজনৈতিক উত্তেজনা সৃষ্টিতে নাশকতার বড় পরিকল্পনা’। এতে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের অনুরোধসংক্রান্ত খবর এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ— এই তিন বিষয়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সরকারের পক্ষ থেকে আবেদনসংক্রান্ত তথ্যের সত্যতা ও আইনি ভিত্তি যাচাইয়ের কথা বলা হয়েছে। অন্যদিকে, বিএনপি নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সম্ভাব্য প্রত্যাবর্তনের উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মতো সহিংসতার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার জোরালো অভিযোগ তুলেছে।

বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে, আওয়ামী লীগ ডিসেম্বরকে সামনে রেখে ব্যাপক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছে। দেশের মহাসড়ক ও রেলপথ নাশকতার মাধ্যমে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে।

এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১১টি সেল গঠন করা হয়েছে।

এছাড়া, পরিস্থিতিকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে শিল্প খাতকে লক্ষ্য হিসাবে নেওয়া হয়েছে। গার্মেন্টস খাতের মজুরিসংক্রান্ত আন্দোলনকে আরো বহুমুখী করে সার্বিকভাবে অচলাবস্থার দিকে ঠেলে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের অর্থনৈতিক স্থাপনার পাশাপাশি সংবেদনশীল জ্বালানি ডিপো ও পাইপলাইনকেও টার্গেট করা হতে পারে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে।

ঢাকার পরিস্থিতি মনিটরিং করার জন্য কলকাতার সল্টলেকে একটি লিয়াজোঁ অফিস স্থাপনের কথা জানা গেছে।

আজকের পত্রিকা

‘শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা’ এটি প্রধান শিরোনাম করেছে দৈনিক আজকের পত্রিকা। প্রতিবেদনে রয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ পর্যন্ত তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়ার তথ্য দিয়েছে সরকার। এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির সাফল্য মূল্যায়নে শুধু কত শিশুকে টিকা দেওয়া হয়েছে, তা জানলেই হয় না; মোট কত শিশু টিকার আওতায় আসার যোগ্য, সেই সংখ্যাও নির্ভুলভাবে নির্ধারণ করা জরুরি।

লক্ষ্যমাত্রা কম হলে কাগজে-কলমে টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও প্রকৃতপক্ষে অনেক শিশু টিকার বাইরে থেকে যেতে পারে।

টিকা পাওয়ার উপযুক্ত অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। এই লক্ষ্য অর্জন করতে হলে দেশে এই মুহূর্তে টিকা পাওয়ার উপযোগী কত শিশু আছে এবং নতুন জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি মাসে কতসংখ্যক সেই তালিকায় যুক্ত হচ্ছে, সেই হিসাব হাতে থাকা প্রয়োজন। কিন্তু সেই হিসাব দিতে পারছে না সরকার।

দেশ রূপান্তর

‘সিন্ডিকেটের ফাঁদে সরকার’। প্রতিবেদনটি ছাপা হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায়। এতে বলা হয়েছে, ঢাকার মানুষকে স্বস্তি দিতে গিয়ে এলপিজি ব্যবসায়ীদের ফাঁদে পা দিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি মেনে বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু তাতেও ঢাকায় নির্ধারিত দামে এলপিজি মিলছে না। উল্টো চার্জ বাড়ানোর প্রভাব পড়েছে সারা দেশের বাজারে। আগে শুধু ঢাকার মানুষের পকেট ফাঁকা হতো, এখন সারা দেশের মানুষের পকেট কাটছে এলপিজি বাণিজ্য। বিইআরসি ঢাকার এলপিজি সিন্ডিকেটের খপ্পরে পড়ে চার্জ বাড়িয়ে সারা দেশের মানুষকে অস্বস্তিতে ফেলেছে বলে অভিযোগ ভোক্তাদের।

রাজধানীতে গত দুই মাস এলপিজির বাজারে বিশৃঙ্খলায় গ্রাহকের সঙ্গে সরকারও উদ্বিগ্ন হয়ে ওঠে। অক্টোবরে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার এলপিজি রাজধানীতে বিক্রি হয় ২ হাজার ৫০০ টাকায়। সাধারণ মানুষ এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানান। এ সমস্যা সমাধানে এলপিজি অপারেটর এমনকি ডিলারদের সঙ্গে সরকার বারবার বৈঠকে বসে। বৈঠকে খোদ জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীরা সরকারকে কথা দেয়, তাদের বোতলিকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীদের চার্জ বাড়িয়ে দিলেই সরকার নির্ধারিত দামে তারা এলপিজি বিক্রি করবে। ভোক্তাদের কথা বিবেচনায় সরকার সেই অনুরোধ শুনে বিইআরসিকে চার্জ বৃদ্ধির অনুরোধ করে। এর প্রেক্ষিতে বিইআরসি গত ২৯ অক্টোবর ব্যবসায়ীদের নিয়ে গণশুনানি করে। এতে দেশের প্রায় সব এলপিজি ব্যবসায়ী জানান, তাদের দাবি মেনে নিলেই বিইআরসি ঘোষিত দামে এলপিজি বিক্রি করবে তারা। ঢাকার মানুষকে স্বস্তি দিতে বিইআরসি ব্যবসায়ীদের দাবি মেনে সব ধরনের চার্জ বৃদ্ধি করে এবং গত ২ নভেম্বর ১২ কেজির এলপিজি সিল্ডিারে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। কিন্তু ঢাকায় এলপিজির সরকারি দাম কার্যকর হয়নি। কোথাও কোথাও বেড়ে গেছে। অর্থাৎ, ঢাকার মানুষ যে অস্বস্তিতে ছিল, তা রয়েই গেছে। অন্যদিকে সারা দেশের এলপিজির দামও বেড়ে গেছে।

কালের কণ্ঠ

‘শূন্য পদে বড় নিয়োগের দুয়ার খুলছে’। এতে বলা হয়, সরকারি চাকরিতে দেশে শূন্য পদের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। অনুমোদিত পদের এক-চতুর্থাংশের বেশি শূন্য থাকায় বিভিন্ন স্তরে জনবলসংকট তৈরি হয়েছে।

লাখ লাখ চাকরিপার্থী নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন। এ পরিস্থিতিতে এসব পদ পূরণে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এক বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর বিপুলসংখ্যক নিয়োগের জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দপ্তর ও সংস্থা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ছয় মাসমেয়াদি পরিকল্পনার কাজ শেষ হয়েছে। সব দপ্তর তাদের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করছে। আগামী বছর সরকারি চাকরিতে বিভিন্ন পদে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রথম শ্রেণির ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির পদে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সুপারিশের অনুরোধ করা হয়েছে।

এদিকে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় সব মন্ত্রণালয় ও বিভাগকে শূন্য পদেও তথ্য হালনাগাদ, নিয়োগের প্রয়োজন নিরূপণ, নিয়োগবিধি অনুযায়ী প্রস্তাব তৈরি এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে সরকারের ১৮০ দিন পার হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ফের তাগিদ দেওয়া হয়েছে। ছয় মাস শেষে সামনে এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনাও রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানান, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।