মাইক্রোসফট ৩৬৫, আউটলুক ও টিমসে বিশ্বব্যাপী বিভ্রাট

মাইক্রোসফট ৩৬৫, আউটলুক ও টিমসে বিশ্বব্যাপী বিভ্রাট

ফন্ট সাইজ:

বিশ্বব্যাপী মাইক্রোসফট ৩৬৫, আউটলুক এবং টিমসের পরিষেবাগুলোতে বিভ্রাট দেখা দিয়েছে। মাইক্রোসফট জানিয়েছে তারা সেবাগুলো পুনরায় সচল করার কাজ শুরু করেছে। বৃহস্পতিবার পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে হাজার হাজার ব্যবহারকারীর জন্য এই অ্যাপগুলোর পরিষেবা ব্যাহত হয়েছিল। কোম্পানিটি জানায়, তারা ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় সচল করার কাজ করছে, তবে এখনো পুরোপুরি উন্নতি দেখা যায়নি। মাইক্রোসফটের একজন মুখপাত্র জানান, এখানে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে দেখা যায়, প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক এবং টিমস-এর মতো পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যার কথা জানান। এছাড়া শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং এআই সহকারী কোপাইলট-এর ব্যবহারকারীরাও এই সমস্যায় পড়েন। অনেকেই ইমেইল আদান-প্রদান করতে পারছিলেন না অথবা তাদের ইনবক্স লোড হচ্ছিল না। মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানায়, এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সে প্রবেশের ক্ষেত্রে ব্যবহারকারীদের সমস্যার প্রতিবেদনগুলো তারা তদন্ত করে দেখছে। সার্ভারগুলোর স্বয়ংক্রিয় পরীক্ষার সময় একটি সমস্যার কারণে অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায়। কোম্পানিটি আরও জানায়, সক্ষমতা পুনরুদ্ধারের সাথে সাথে ব্যবহারকারীরা ধীরে ধীরে পুনরায় সংযুক্ত হতে পারবেন।
এই বিভ্রাটের কারণে ওপেনএআই এবং অ্যানথ্রপিক-এর এআই পরিষেবাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপেনএআই জানায়, তারা মাইক্রোসফট সংযোগকারীর একটি সমস্যা তদন্ত করছে।

আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি জানান, এই বিভ্রাটটি মাইক্রোসফটের সিস্টেমের নেটওয়ার্ক স্তরে প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে। তিনি আরও জানান, যখন কিছু সার্ভারে কনফিগারেশন সমস্যা হয়, তখন গ্রাহকদের ক্লাউড পরিষেবা পেতে কম সংখ্যক সার্ভার ব্যবহার করতে হয়। এর ফলে বাকি সার্ভারগুলোতে অতিরিক্ত চাপ পড়ে এবং সেগুলো বিকল হয়ে যায়। তিনি ক্লাউড পরিষেবার ওপর নির্ভরশীল ব্যবসাগুলোকে ব্যাকআপ বিকল্প রাখার পরামর্শ দেন। তিনি জানান, মাইক্রোসফট কাজ না করলে ব্যবহারকারীরা জিমেইল ব্যবহার করতে পারেন।