হেফাজতে ইসলামের সমাবেশে ২০১৩ সালের ৫ই মে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরসহ কয়েকটি জায়গায় হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরুর আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। একইসঙ্গে মামলায় প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। অতঃপর তিনি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। পরে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৬ই নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এ মামলায় বর্তমানে ১১ আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ আসামি পলাতক রয়েছেন।
দু’টি চার্জে ৫২ জনকে হত্যার অভিযোগ: চার্জ-১: ৫ই মে দুপুর পৌনে ১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন শাপলা চত্বর এবং আশপাশের এলাকায় শহীদ আবু বকর সিদ্দিকসহ ৩২ জনকে হত্যা, ৪ জন নিখোঁজ এবং মো. রাশেদুল ইসলাম সহ অনেককে হত্যার উদ্দেশ্যে গুলি করে ও নির্যাতন করে মারাত্মক জখম করার অপরাধ। যা গণহত্যার সামিল বলে উল্লেখ করা হয়। চার্জ-২: ৬ই মে সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং আশপাশ এলাকা। শহীদ মো. ছাদেক মিয়াসহ ২০ জনকে গুলি করে হত্যা এবং ভিকটিম মো. আবু ইউসুফসহ অনেককে হত্যার উদ্দেশ্যে গুলি করে মারাত্মক জখম করার অপরাধ উল্লেখ করা হয়েছে।
শুনানিতে যা হলো: শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ট্র্রাইব্যুনালকে জানান, এই মামলা সম্পর্কিত অন্তত তিনটি বই এখনো তাদের দেয়নি প্রসিকিউশন। জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এসব বইয়ের যে ঘটনা এই মামলায় প্রাসঙ্গিক— তা আসামিপক্ষকে সরবরাহ করা ভলিউম-১-এ রয়েছে। এ ছাড়া, উক্ত বইগুলো ছাপানোর কাজ চলছে। পরে ট্রাইব্যুনাল বলেন, এসব বই তিনটি যেন আসামিপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়। শুনানিতে প্রায় ৮ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করে প্রসিকিউশন। এতে ৫ই মে হেফাজতের সমাবেশকে ঘিরে পুলিশি আক্রমণ ও সমাবেশ পরবর্তী সময়ে শেখ হাসিনা ও তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের বক্তব্য প্রচার করা হয়। এ ছাড়া, হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরীকে বক্তব্য দিতেও শোনা যায়। ভিডিওতে শেখ হাসিনাকে সংসদে দাঁড়িয়ে বলতে শোনা যায়, সেদিন মতিঝিলে কোনো গোলাগুলির ঘটনাই ঘটেনি। বরং হেফাজতের কর্মীরা গায়ে লাল রং মেখে মরে পড়ে থাকার অভিনয় করেছিল।
এ ছাড়া, বেনজীরকে বলতে শোনা যায় যে, এত লোককে আমরা সেখান থেকে বের করেছি, কিন্তু কেউ আহত বা নিহত হয়নি। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং বিরোধী দল, ধর্মীয় সংগঠন ও ভিন্ন মতাবলম্বীদের ওপর গুম, বিচারবহির্ভূত হত্যা ও দমন-পীড়ন চালায়।
শুনানিতে প্রসিকিউশন জানায়, আইনশৃঙ্খলা বাহিনী ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে রাত ২টা থেকে ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে। এতে মতিঝিল এলাকা এক ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয়। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে ঘিরে শাহবাগে গণজাগরণ মঞ্চের কিছু ব্লগার ও নেতার ইসলামবিরোধী বক্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলাম ৫ই মে ঢাকামুখী লংমার্চ ও অবরোধের ডাক দেয়। পরে শাহরিয়ার কবীরসহ নেতারা এটি প্রতিহতের ঘোষণা দেয়। ৫ই মে সকালে শাপলা চত্বরে যাওয়ার পথে গুলিস্থান, পল্টন, কাকরাইল, দৈনিক বাংলা ও মতিঝিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও গণজাগরণ মঞ্চের কর্মীদের হামলায় বহু মানুষ হতাহত হন।
প্রসিকিউশনের দাবি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী ও সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এতে নেতৃত্ব দেন। বিকালে ডা. ইমরান এইচ সরকার ও শাহরিয়ার কবীরসহ অন্যরা উস্কানিমূলক বক্তব্য দেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ধানমণ্ডিতে বৈঠক করে সমাবেশ উচ্ছেদের পরিকল্পনা করেন। আমীর আল্লামা শাহ আহমদ শফীকে সমাবেশস্থলে যেতে না দেয়ায় হাজারো কর্মী রাতে শাপলা চত্বরে অবস্থান নেন।
রাত ১০টার দিকে আইজিপি হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ পরিচালনার সিদ্ধান্ত হয়। অভিযান আড়াল করতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দিগন্ত ও ইসলামী টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। সেদিন দিবাগত রাত আড়াইটার দিকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ‘ব্ল্যাকআউট’ সৃষ্টি করা হয় এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও বিভিন্ন গ্রেনেড ছুড়ে আতঙ্ক তৈরি করা হয়। জীবন বাঁচাতে পালানোর সময় হেফাজত নেতাকর্মীদের লক্ষ্য করে শটগান ও প্রাণঘাতী অস্ত্র থেকে গুলি চালানো হয়। ভোরের আগেই এলাকা নিয়ন্ত্রণে নিয়ে হতাহতদের সরিয়ে ফেলা হয়। পরদিন আল্লামা শফীকে ঢাকা ছাড়তে বাধ্য করা হয়।
এদিকে, ঘটনার পরে সিএনএন বলেছে, এই মৃত্যুর প্রকৃত সংখ্যা কখনোই জানা যাবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শতাধিক এবং হিউম্যান রাইটস ওয়াচ দেড় শতাধিক মৃত্যুর কথা বলা হয়েছে। গণমাধ্যমের তথ্যমতে, উক্ত অভিযানে অন্তত ১০ হাজার আহত ও বহু লোক নিখোঁজ রয়েছে বলে জানায় চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ, র্যাব, বিজিবি), আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং গণজাগরণ মঞ্চের সদস্যরা পদ্ধতিগতভাবে নিরীহ জনতার ওপর এই আক্রমণ চালায়। অপরাধ প্রতিরোধে ব্যর্থতা ও ষড়যন্ত্রের মাধ্যমে আসামিরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, সেদিন হেফাজতের সমাবেশকে ঘিরে এমন অমানবিক ঘটনা ১৯৭১ সালেও সংঘটিত হয়েছিল কি না জানি না। এক জায়গায় এত নিরীহ-নিরস্ত্র, ঘুমন্ত মানুষকে লেথাল উইপন ব্যবহার করে শত শত মানুষকে হত্যা করা ইতিপূর্বে ঘটেছে কি না তাও জানা নাই। অতঃপর তিনি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।
জিয়াউল আহসানের টালবাহানায় শুনানি শুরু হতে বিলম্ব: এদিকে শুনানি শেষে নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর বলেন, এ মামলার অন্যতম আসামি জিয়াউল আহসানের জেলখানা থেকে আসতে অস্বীকৃতি এবং পথে নানা টালবাহানার কারণে সকালের নির্ধারিত শুনানি দুপুর ২টায় শুরু হয়। এ ছাড়া, আওয়ামী লীগ আমলের গুম, ক্রসফায়ার ও জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের বিচারে দেশের প্রতিটি জেলায় সরজমিন গিয়ে গণশুনানি ও তাৎক্ষণিক গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
চিফ প্রসিকিউটর বলেন, আসামি জিয়াউল আহসান প্রথমে জেলখানা থেকে আসতে অস্বীকৃতি জানান এবং জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে ট্রাইব্যুনালের নির্দেশনায় বিশেষ পাহারায় তাকে আনার ব্যবস্থা করা হলে তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানান ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। পথে খাবার খাওয়া ও ওয়াশরুমে যাওয়ার মতো নানা টালবাহানা করে তিনি দেরিতে কোর্টে উপস্থিত হন, যার ফলে শুনানি বিলম্বিত হয়।
তিনি আরও জানান, জিয়াউল আহসানের পক্ষ থেকে অন্যান্য সকল আসামির সঙ্গে একত্রে আদালতে হাজির করার একটি আবেদন ও অজুহাত তুলে বিচারিক কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। তবে বিকাল সাড়ে ৪টা বেজে যাওয়ায় আসামিপক্ষ আজ শুনানি করতে অপারগতা প্রকাশ করে। এ অবস্থায় ট্রাইব্যুনাল মামলাটি ‘ডে-টু-ডে’ (প্রতিদিন) শুনানির কার্যতালিকায় রাখার নির্দেশ দিয়েছেন।
জিয়াউল আহসানের হাজিরার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, জেল কর্তৃপক্ষ প্রচলিত নিয়মে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাকে যেভাবে প্রডিউস করা প্রয়োজন সেভাবেই আনবেন। অন্যান্য আসামিদের সঙ্গে আসার বিষয়ে তার দাবির পেছনে কোনো কুমতলব থাকতে পারে বা অন্য আসামিদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জিয়াউল আহসান শুরু থেকেই পুলিশ ও জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার এবং কোর্টে চিৎকার-চেঁচামেচিসহ ‘আনরুলি’ (উচ্ছৃঙ্খল) আচরণ করে আসছেন। জিয়াউল আহসান নিজে ভার্চ্যুয়ালি বা সশরীরে হাজির হতে আপত্তি নেই বললেও তার বোন—যিনি আমাদের একজন আইনজীবী—তিনি নানা অজুহাত ও কৌশল তৈরি করেন। জিয়াউল আহসান একেক সময় একেক আচরণ করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, কোনো আসামি অজুহাত দেখিয়ে ট্রাইব্যুনালে আসতে না চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন ৯(এ), রুল ৪৬(এ), রুল ৫৭ এবং আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ অনুযায়ী ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি করার জন্য প্রসিকিউশন একটি সাধারণ আদেশ চেয়েছে। ট্রাইব্যুনাল এ বিষয়ে একমত পোষণ করেছেন এবং আগামী তারিখে আদেশ দেবেন বলে জানিয়েছেন। আওয়ামী লীগের আমলে সব অপরাধের বিচারের অংশ হিসেবে জেলায় জেলায় তদন্ত হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
