‘আগুনের ফুলকি আমার মেয়ের গায়ে পড়লে সে চিৎকার দিয়ে উঠে। চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি আমাদের ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুন আগুন বলে চিৎকার ও আমাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা ছুটে আসে। তারাও আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ছাগল ও মুরগিও মারা গেছে। আমাদের সব শেষ হয়ে গেছে’। গতকাল কথাগুলো বলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির কেয়ারটেকার। এর আগে, বুধবার রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে কিছু গবাদি পশু মারা গেছে। আতঙ্কে রয়েছে সংসদ সদস্যের পরিবার এবং আশপাশের লোকজন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন। গতকাল বেলা ১১টায় পোড়াবাড়ীর সামনে বসে সংবাদ সম্মেলন করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হঠাৎ করে বিকট শব্দ হয়। শব্দ শুনে তারা বাইরে বের হয়ে গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান। সেখানে বাড়ির কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় নুসরাত তাবাসসুমের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
প্রতিবেশী মাহাতাব উদ্দিন মাস্টার বলেন, গভীর রাতে হৈ চৈ আর মানুষের চিৎকার-কান্নাকাটি শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি টম মাস্টারের পুরাতন বাড়িতে আগুন জ্বলছে। এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করছে। আমিও লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। তবে কারা আগুন দিয়েছে তা তিনি বা অন্য প্রতিবেশী কেউ দেখেনি বলে জানান।
আগুনের ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) জানান, কয়েকদিন ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে আসছিল। পাশাপাশি তারা নানা ধরনের হুমকি-ধামকিও দিচ্ছিল। হুমকিতে তারা বলছিল আর মাত্র একমাস। তারপর তোদের দেখে নেবো। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনা যেই ঘটাক তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
খবর পেয়ে নুসরাত তাবাসসুম রাতেই ছুটে আসেন বাড়িতে। তিনি গতকাল সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েকদিন ধরে একটি স্ক্যাম নম্বর থেকে হুমকি কল আসে এবং এর আগে পরে আরও কিছু হুমকি কল পেতে থাকি। হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় জিডিও করেছি। জিডি করার পরেও হুমকি এসেছে। বিশেষ করে হামলার ৩ ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক হুমকি পোস্ট দেয়া হয়। এরপর রাত ১২টা ১৫ মিনিটে তার বাড়িতে পর পর ৪টি পেট্রোল বোমা ব্লাস্ট হয়। যোগসূত্র ধরে এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ সংগঠনকে দায়ী করে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট (স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্যে করে) যারা দায়িত্বে রয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। আতঙ্ক ছড়াতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে রাতে অগ্নিকাণ্ডের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। সকালে বিজিবি সদস্যদেরও টহলে দিতে দেখা গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে। গতকাল দুপুর ১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে এজাহার দেয়ার জন্য থানায় অবস্থান করছিল বলে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান নিশ্চিত করেছেন। তবে সন্ধ্যার ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।
উল্লেখ্য, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) ওই বাড়ির পাশেই নিজ বাড়িতে বসবাস করেন। একই চত্বরে অবস্থিত পুরনো বাড়িতে পরিবার নিয়ে থাকেন শাহ আলম নামে একজন কেয়ারটেকার। তিনি ওই বাড়িতে বসবাসের পাশাপাশি গবাদি পশু পালন করে থাকেন।
