বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

ফন্ট সাইজ:

বাংলাদেশ-ভারতের মধ্যকার পরবর্তী কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের মধ্যে এ সিদ্ধান্তের কথা সামনে এলো। একটি কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১৭ ও ১৮ই নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে পঞ্চম দফার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দুই দেশের নির্ধারিত কনস্যুলার সংলাপেও। এ পরিস্থিতিতে আসন্ন বৈঠকটি স্থগিত করা হয়েছে।

দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।