শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে পাসপোর্ট, ভিসা কিংবা সাধারণ ইমিগ্রেশন প্রক্রিয়ার আলোচনা করা হলেও তাতে মূল আইনি প্রশ্নটির নিষ্পত্তি হয় না। কারণ এখানে প্রশ্নটি কেবল তার ব্যক্তিগতভাবে বাংলাদেশে ফিরে আসার নয়; বরং বাংলাদেশে তার বিরুদ্ধে পরিচালিত বিচারিক কার্যক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে দণ্ডাদেশ কার্যকরের জন্য ভারত তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে কিনা। বিষয়টি তাই ব্যক্তিগত প্রত্যাবর্তনের চেয়ে দুই রাষ্ট্রের মধ্যকার আইনি দায়িত্ব, প্রত্যর্পণ চুক্তির কার্যকারিতার সঙ্গে অধিকতর সম্পর্কিত।
প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ: দু’টি ভিন্ন আইনি ধারণা: প্রত্যাবর্তন বলতে একজন ব্যক্তির নিজ উদ্যোগে বা ব্যক্তিগত সিদ্ধান্তে নিজ দেশে ফিরে আসাকে বোঝায়। অন্যদিকে প্রত্যর্পণ হচ্ছে একটি রাষ্ট্রের ভূখণ্ডে অবস্থানরত কোনো ব্যক্তিকে অপর রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধ এবং প্রযোজ্য আইন ও চুক্তির ভিত্তিতে সেই রাষ্ট্রের কাছে হস্তান্তর করা। প্রত্যর্পণ ব্যক্তির ব্যক্তিগত ভ্রমণ বা যাতায়াতের বিষয় নয়; এটি রাষ্ট্র থেকে রাষ্ট্রের আইনি সহযোগিতা ও দায়িত্বের বিষয়।
বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ফলে বিষয়টি এখন আর কেবল তার ব্যক্তিগতভাবে দেশে ফেরার ইচ্ছা, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের প্রশ্নে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের বিচারিক কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত প্রত্যর্পণের অনুরোধের পর ভারতের অবস্থান এবং দুই দেশের বিদ্যমান চুক্তির অধীনে ভারতের দায়িত্বই হয়ে উঠেছে প্রধান বিবেচ্য।
শেখ হাসিনার ভারতে অবস্থান: ব্যক্তিগত আশ্রয় নয়, রাষ্ট্রীয় বিবেচনার বিষয়
শেখ হাসিনা পলাতক নন; তিনি ভারতের আশ্রয়ে অবস্থান করছেন। ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে তার ভারতে অবস্থানকে গুরুতর বিপর্যয় বা অস্তিত্বের সংকটের মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়ার ভারতের মানবিক ঐতিহ্যের আলোকে বিবেচনা করার কথা বলা হয়েছে।
এখানে একটি মৌলিক পার্থক্য বিবেচনা করা জরুরি। পলাতক আসামির ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে দেশে ফেরার ইচ্ছা, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের প্রশ্ন সামনে আসতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যখন অন্য একটি রাষ্ট্রের আশ্রয়ে অবস্থান করেন এবং সেই রাষ্ট্র তার অবস্থানকে মানবিক আশ্রয়ের নীতিতে ব্যাখ্যা করে, তখন তাকে মুক্ত নাগরিকের মতো নিজের ইচ্ছায় যাতায়াত করতে সক্ষম ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায় না। তার অবস্থান ও প্রত্যাবর্তনের প্রশ্নটি আশ্রয়দাতা রাষ্ট্রের ভূমিকা এবং দুই রাষ্ট্রের মধ্যকার প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি দায়িত্বের সঙ্গে যুক্ত।
সুতরাং পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রশ্নকে প্রত্যর্পণের বিকল্প হিসেবে বিবেচনার সুযোগ নেই। ভ্রমণের জন্য কোনো নথির প্রয়োজন হতে পারে, কিন্তু সেই নথি প্রত্যর্পণ-প্রক্রিয়ার বিকল্প নয়; একইভাবে ব্যক্তিগতভাবে দেশে ফেরার অভিপ্রায়ও রাষ্ট্রীয় প্রত্যর্পণের প্রশ্নকে নিষ্পত্তি করে না। ব্যক্তিগতভাবে প্রত্যাবর্তন এবং রাষ্ট্রীয়ভাবে প্রত্যর্পণ এক বিষয় নয়।
ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তাৎপর্য:
২০২৪ সালের ৬ই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার ভারতে আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি বলেন, খুব অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। একই সময়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে তার বিমানের উড্ডয়ন-সংক্রান্ত অনুমতিও ভারত পেয়েছিল। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি ৫ই আগস্ট সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান।
জয়শঙ্করের এই বক্তব্যের তাৎপর্য হলো, শেখ হাসিনার ভারতে আগমন কেবল একজন ব্যক্তির একতরফা যাত্রা ছিল না; এর সঙ্গে ভারত সরকারের অনুমতি এবং বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ও যুক্ত ছিল। পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে তার অবস্থানকে মানবিক আশ্রয়ের ঐতিহ্যের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। এই দুই বক্তব্য একত্রে বিবেচনা করলে তার ভারতে অবস্থানের ক্ষেত্রে ভারত সরকারের রাষ্ট্রীয় ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে।
২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি ও ২০১৬ সালের সংশোধন:
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালের ২৮শে জানুয়ারি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২৩শে অক্টোবর ২০১৩ তারিখে তা কার্যকর হয়। ২০১৬ সালে চুক্তিটি সংশোধিত হয়। এই চুক্তির উদ্দেশ্য দুই দেশের মধ্যে অপরাধ দমনে সহযোগিতা এবং নির্দিষ্ট শর্তে অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে প্রত্যর্পণের ব্যবস্থা করা।
চুক্তির ১ অনুচ্ছেদে বলা হয়েছে, চুক্তির বিধান সাপেক্ষে এক রাষ্ট্রের ভূখণ্ডে অবস্থানরত এমন ব্যক্তিকে অপর রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হবে, যিনি অপর রাষ্ট্রের বিচারিক কর্তৃপক্ষের মাধ্যমে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধে অভিযুক্ত, বিচারাধীন, দোষী সাব্যস্ত অথবা বিচারিকভাবে ঘোষিত দণ্ড কার্যকরের জন্য অনুসন্ধানাধীন। অর্থাৎ চুক্তির আওতায় প্রত্যর্পণের ভিত্তি শুধু বিচারাধীন মামলা নয়; দণ্ডাদেশ কার্যকরের বিষয়টিও এর অন্তর্ভুক্ত।
চুক্তির ৪ অনুচ্ছেদে দুই দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে। ভারতের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় কর্তৃপক্ষ। ১০ অনুচ্ছেদে প্রত্যর্পণের আবেদন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো এবং আবেদনের সঙ্গে প্রয়োজনীয় পরিচয়, অপরাধের বিবরণ, প্রাসঙ্গিক আইন, গ্রেপ্তারি পরোয়ানা কিংবা দণ্ডাদেশ-সংক্রান্ত নথি সংযুক্ত করার বিধান রয়েছে।
চুক্তির ৬ অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের কথা বলা হয়েছে। তবে একই অনুচ্ছেদের ২ উপধারায় কয়েকটি গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য না করার বিধান রয়েছে। ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করা হয়েছে- যেমন, প্রত্যর্পণ অন্যায় বা নিপীড়নমূলক হওয়ার আশঙ্কা, অপরাধের তুচ্ছতা, সময়ের ব্যবধান কিংবা সামরিক অপরাধের মতো নির্দিষ্ট পরিস্থিতি। এসব বিধান প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য, প্রমাণ এবং চুক্তির শর্ত বিচার করা জরুরি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের নিজস্ব আদালতে সংশ্লিষ্ট ব্যক্তির বিচার হওয়ার সুযোগ থাকলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে বিষয়টি তার উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে, যাতে বিচার করার বিষয়টি বিবেচিত হয়।
বাংলাদেশের বিচারিক কর্তৃত্ব ও ভারতের চুক্তিগত দায়িত্ব:
শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে পরিচালিত বিচারিক কার্যক্রম বাংলাদেশের নিজস্ব বিচারিক এখতিয়ারের বিষয়। তিনি দেশের বাইরে অবস্থান করছেন-এই কারণে বাংলাদেশের আদালতের বিচারিক কর্তৃত্ব স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয় না। একইভাবে তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে বলেই প্রত্যর্পণের প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে যায় না।
ভারতের সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে ২০২৬ সালের ৩০শে জুলাই উল্লেখ করা হয় যে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ ভারত সরকার নোট করেছে। ভারতের সরকার কমিটিকে জানায়, অনুরোধটি প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষ পরীক্ষা করছে। অর্থাৎ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার বিষয়টি অস্বীকার করেনি; বরং বিষয়টি পরীক্ষা করার কথা জানিয়েছে।
এখানে ভারতের সামনে প্রত্যর্পণ চুক্তির অধীনে দু’টি আইনি দায়িত্ব রয়েছে। প্রথমত, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন ও সংযুক্ত নথিপত্র যাচাই করে চুক্তিতে নির্ধারিত শর্ত পূরণ হয়েছে কিনা, তা নির্ধারণ করা। দ্বিতীয়ত, প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কোনো আইনগত ভিত্তি থাকলে তা চুক্তির নির্দিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠা করা এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা।
পাসপোর্ট ও ট্রাভেল পাসের প্রসঙ্গ: মূল প্রশ্নের বিকল্প নয়:
২০২৬ সালের ৯ই নভেম্বর শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে যোগাযোগ করেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাদের বক্তব্য ছিল, শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। ১০ই নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণ-সংক্রান্ত নথি প্রয়োজন এবং শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়, যা যথাযথ আইনি প্রক্রিয়ায় বিবেচিত হবে। তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এই বক্তব্যে ভ্রমণ-নথির প্রয়োজনীয়তা উল্লেখ করা হলেও প্রত্যর্পণের আইনি প্রশ্নের নিষ্পত্তি হয়নি। কারণ প্রত্যর্পণ কোনো সাধারণ আন্তর্জাতিক ভ্রমণ নয়। প্রত্যর্পণ চুক্তিতে ব্যক্তিকে হস্তান্তরের জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাসকে পূর্বশর্ত হিসেবে নির্ধারণ করা হয়নি। বরং চুক্তির ১০ অনুচ্ছেদে প্রত্যর্পণের আবেদন, পরিচয়, অপরাধের বিবরণ, গ্রেপ্তারি পরোয়ানা কিংবা দণ্ডাদেশের প্রাসঙ্গিক নথির কথা বলা হয়েছে। অতএব, ভ্রমণ-নথি এবং প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও প্রক্রিয়া এক বিষয় নয়।
কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রের রাষ্ট্রীয় আশ্রয় বা সুরক্ষায় অবস্থান করলে তার ব্যক্তিগতভাবে দেশে ফেরার ইচ্ছাকে সেই রাষ্ট্রের প্রত্যর্পণ-সংক্রান্ত দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে ব্যক্তিগত প্রত্যাবর্তনের উদ্যোগে আশ্রয় বা সুরক্ষার অবসান ঘটলেও প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া তাকে সুরক্ষার বাইরে রেখে দেয়া বিচারিক জবাবদিহি অনিশ্চিত করতে পারে। অতএব, ব্যক্তিগত প্রত্যাবর্তন, রাষ্ট্রীয় আশ্রয়ের অবসান এবং বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর-এই তিনটি বিষয়ের আইনসম্মত সমন্বয় নিশ্চিত করা আশ্রয়দাতা রাষ্ট্রের দায়িত্ব।
শেখ হাসিনার বিষয়টি কেবল তার পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পাস কিংবা ব্যক্তিগতভাবে দেশে ফেরার ইচ্ছার প্রশ্ন নয়। তিনি ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন ভারতের রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে। অন্যদিকে, তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ও দণ্ডাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে, যা ভারত সরকার প্রাপ্তির কথা স্বীকার করে পরীক্ষা করার কথা জানিয়েছে।
শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ও আদালতে আত্মসমর্পণের ঘোষিত ইচ্ছা বাংলাদেশের আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনকে অপ্রাসঙ্গিক করে না; বরং ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তার হস্তান্তর প্রক্রিয়াকে সহজতর করার সুযোগ সৃষ্টি করে।
শেখ হাসিনার বিষয়টি কেবল ব্যক্তিগতভাবে দেশে প্রত্যাবর্তনের নয়; এটি বাংলাদেশের আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন এবং ভারত সরকারের চুক্তিগত দায়িত্ব পালনের প্রশ্ন। তার দেশে ফেরার ইচ্ছা থাকলেও তা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। সুতরাং মূল প্রশ্ন হলো, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারে ভারত সরকার বাংলাদেশের আবেদন কীভাবে নিষ্পত্তি করবে?
লেখক: গীতিকবি ও রাজনৈতিক বিশ্লেষক
[email protected]
