লক্ষ্মীপুরে দু’টি দুধের কৌটায় ১১ বোমা, পরে নিষ্ক্রিয়

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার হওয়া দু’টি দুধের কৌটায় আইইডি ১১টি বোমার অস্তিত্ব মিলেছে। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী এলাকায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। ডিএমপি’র বোমা নিষ্ক্রিয়করণ সেলের ৪ সদস্যের একটি প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এ সময় রায়পুর থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর চরবংশীর মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেয়া বাড়ির উঠানের গর্ত থেকে কৌটা দু’টি উদ্ধার করা হয়। এগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা রাখা হয়।

আদালতের আদেশে খবর দেয়া হয় ডিএমপি’র বোমা নিষ্ক্রিয়করণ সেলের কাছে। পরে ডিএমপি’র বোমা নিষ্ক্রিয়করণ সেলের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছায়। কৌটা দুইটি পরীক্ষা-নিরীক্ষার পর ১১ আইইডি বোমার অস্তিত্ব পাওয়ায় যায়। গত ৩রা নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তিনজনকে ছুরিকাঘাত করে সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি। তার বাড়ি ভোলা সদর বলে জানা যায়। তিনি এ বাসাটিতে ভাড়া থাকতেন। তার ভাড়ায় নেয়া ঘরের একটি কক্ষ থেকে গত সোমবার বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।