ঘিওরে তিন হাসপাতালে অভিযান জরিমানা ও সিলগালা

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন। একইসঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম। অভিযানকালে অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় অনিয়মের অভিযোগে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনিয়মের দায়ে এভারগ্রীন মেডিকেল সেন্টারটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ ​অভিযান পরিচালনাকালে ঘিওর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।