আটোয়ারীতে পাঁচ মাস ধরে বেতন বন্ধ ৩১ শিক্ষক-কর্মচারীর

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা

আটোয়ারীতে পাঁচ মাস ধরে বেতন বন্ধ ৩১ শিক্ষক-কর্মচারীর

ফন্ট সাইজ:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন নিয়ে সৃষ্ট জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন ৩১ জন শিক্ষক-কর্মচারী। গত পাঁচ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, নিয়মিত অধ্যক্ষ আব্দুল মতিন সরকার গত ২৪শে জুলাই অবসর গ্রহণ করেন। এর আগে তিনি বৈধ গভর্নিং বডির সিদ্ধান্তের মাধ্যমে ২০২৫ সালের ২৫শে মে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। উপাধ্যক্ষ আব্দুল বাসেতের অভিযোগ, আব্দুল মতিন সরকার অবসর গ্রহণ করার সুযোগে সভাপতি রায়হান কবীরের সহযোগিতায় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও গায়ের জোরে আব্দুল হাকিম সরকার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। অনেকেই বলছেন, আব্দুল বাসেত অবৈধ কমিটির মাধ্যমে উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন।

মাদ্রাসাটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন ও এ সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় অনেক শিক্ষক-কর্মচারী সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয়, সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসা ও অন্যান্য পারিবারিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা বন্ধ থাকায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে চলমান জটিলতা দ্রুত নিরসন করে বেতন-ভাতা চালু এবং পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।