হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস থেকে হাঁটা দূরত্বের একটি অভিজাত এলাকায় বৃহস্পতিবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এপির। দেশটির পুলিশ জানিয়েছে, একাধিক স্থানে গুলির খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলগুলোতে অভিযান চালাচ্ছে।হোয়াইট হাউসের প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় এসব গুলির ঘটনা ঘটেছে। তবে ঠিক কোথায় গুলি চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা নাথান ক্লার্ক।

স্থানীয় পুলিশ, ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। ওই এলাকায় একটি ভিআইডিএ ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিসকোপাল চার্চ এবং বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। এর কাছেই একটি হোল ফুডস সুপারমার্কেট অবস্থিত। সড়কটির বড় একটি অংশ ঘিরে রেখেছে পুলিশ।
ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় আশপাশের সড়কগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক (এটিএফ) জানিয়েছে, পুলিশের সহায়তায় তাদের এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনায় কারা জড়িত, কেন এ হামলা চালানো হয়েছে কিংবা আহতদের অবস্থা কী—তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা যায়নি।