গাজীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পোশাক কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাটের ঘটনায় স্থানীয়দের হাতে আটক হন ৯ জন। তবে আটকের পর সহযোগীদের মাধ্যমে আটজনকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে একজন মিরপুরের শরিফুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কারখানার জমি ও ভবনের মালিক মো. মোজাম্মেল হক জানান, নগরীর গাছা থানাধীন শরিফপুর এলাকায় তাদের মালিকানাধীন জমিতে চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি কারখানা পরিচালিত হতো। পোশাক কারখানা কর্তৃপক্ষ ২০১৩ সালে উৎপাদন শুরু করলে ও কারখানাটির উৎপাদন কার্যক্রম প্রায় চার বছর আগে বন্ধ হয়ে যায়।
অভিযোগে বলা হয়, কারখানা বন্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গাছা থানায় ইতিমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সবশেষ বুধবার দিবাগত গভীর রাতে ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্র নিয়ে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ও কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন মেশিন ও মালামাল লুট করে একটি পিকআপ ভ্যানে তুলতে থাকে। এ সময় আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীরা বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পিকআপ ভ্যান ভর্তি মালামালসহ ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করার জন্য আটক ব্যক্তিদের কারখানার একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
মোজাম্মেল হকের অভিযোগ, একপর্যায়ে তারা নিজেরা বাইরে গেলে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের বের করে নিয়ে যায়। এ সময় তাদের একজনকে আটক করা সম্ভব হয়। বাকিরা দ্রুত পালিয়ে যায়। অভিযোগকারী আরও জানান, আটক ব্যক্তিদের ছবি ও ভিডিও চিত্র, কারখানা থেকে মালামাল বের করা এবং পিকআপ ভ্যানে মালামাল তোলার দৃশ্যসহ বিভিন্ন তথ্যপ্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এসব তথ্যপ্রমাণ তদন্তের স্বার্থে পুলিশকে সরবরাহ করা হবে। পাশাপাশি আগের চুরির ঘটনাগুলোর সঙ্গে সর্বশেষ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা— তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে জিএমপির গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রাপ্ত তথ্যপ্রমাণ ও ঘটনার প্রকৃত অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
