হাঁস নিয়ে বাকবিতণ্ডা প্রতিপক্ষের হামলায় নিহত ১

হাঁস নিয়ে বাকবিতণ্ডা প্রতিপক্ষের হামলায় নিহত ১

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাইয়ে হাঁসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মইনুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকালে কাটাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মইনুল কাটাইয়া গ্রামের মৃত ছক্বদর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের তাউস মিয়ার ছেলে সজল মিয়া গংদের সঙ্গে মইনুলের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

মঙ্গলবার বিকালে হাঁসকে কেন্দ্র করে সজল ও মইনুলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সজলের হাতে থাকা ফিকলের আঘাতে মইনুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পরে লাখাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।