যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ১০ গুণ ভয়াবহ

ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ১০ গুণ ভয়াবহ

ফন্ট সাইজ:

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আক্রমণ শুরু করলে তার জবাব আগের হামলার তুলনায় ‘১০ গুণ’ ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ভবিষ্যতে ইরানের ওপর কোনো হামলা চালানো হলে তা আগের হামলাগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে।
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেন, ট্রাম্পের দাবি সত্য হলে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা জবাব হবে ১০ গুণ বেশি ভয়াবহ।

তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া এতটাই শক্তিশালী হবে যে তা গোটা বিশ্বকে বিস্মিত করবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক—উভয় ধরনের সম্পদই হামলার লক্ষ্যবস্তু হতে পারে। যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের নাগালের মধ্যে থাকবে, সেগুলো যেখানেই থাকুক না কেন, আক্রমণের আওতায় আসবে।
শেখারচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানিরা ভীত নয়। ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত।

তার ভাষায়, কৌশলগত সামরিক সরঞ্জাম উৎপাদন কখনো বন্ধ হয়নি। পাশাপাশি গত দুটি যুদ্ধে যেসব দুর্বলতা চিহ্নিত হয়েছিল, সেগুলোও ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে যে দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে কোনো আগ্রাসনের মুখে পড়লে ইরান শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং শক্তিশালী আক্রমণকারী হিসেবেও প্রতিরোধ গড়ে তুলবে।
ইরানের সাম্প্রতিক যুদ্ধের ইতিহাস নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন তিনি।