পুয়ের্তো রিকোয়েতে শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশের নামসংবলিত স্যাশ গ্রহণ করেছেন। চূড়ান্ত পর্বের আগে রানওয়েতে নিজেদের পোশাক ও উপস্থিতি দিয়ে নজর কাড়ছেন তারা।
এরই মধ্যে ফুলের অনুপ্রেরণায় তৈরি বিশেষ পোশাকে আলোচনায় এসেছেন পাকিস্তানের প্রতিযোগী মিসবাহ আরশাদ।
ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি প্রতিযোগীদের ফুলের সঙ্গে তুলনা করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ফুলেরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে না। তারা শুধু নিজ নিজ সময়ে প্রস্ফুটিত হয়।’
পোশাকটির নকশাকার হিসেবে ভিয়েতনামের ডিজাইনার নগুয়েন তিয়েন ত্রুয়েনকে কৃতিত্ব দিয়েছেন মিসবাহ। তিনি জানান, পাকিস্তানের জলাশয়ে দেখা যায় এমন গোলাপি শাপলা ফুল থেকে পোশাকটির অনুপ্রেরণা নেয়া হয়েছে।
ফুল ও এর প্রতীকী তাৎপর্যের প্রতি নিজের আগ্রহের কথা উল্লেখ করে মিসবাহ লিখেছেন, তার পোশাকের নকশায় প্রায়ই ফুলের অনুপ্রেরণা থাকে। নিজের প্রিয় ফুল নিয়েও একটি গল্প রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সেটি পরে প্রকাশ করবেন।
মিসবাহর ভাষায়, গোলাপি শাপলা ‘সহনশীলতা ও নারীত্বের’ প্রতীক। আর এই দুটি গুণকেই মিস ইউনিভার্স অর্গানাইজেশন গুরুত্ব দেয়।
তিনি আরও লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই সুন্দর ফুল। প্রত্যেকে নিজের নিজস্ব ঋতুতে প্রস্ফুটিত হই। ফুটতে থাকুন, বিশ্বাস রাখুন—আপনার সময়ও আসবে। চলুন, সবাই মিলে একটি সুন্দর বাগান হয়ে উঠি।’
পোশাকটিতে গোলাপি ও সবুজ রঙের সমন্বয় দেখা গেছে। দুই রঙের প্যান্টের সঙ্গে ছিল গোলাপি করসেট টপ। পোশাকের ওপরের অংশে সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে, যার বিস্তার ছিল একই রঙের সমন্বয়ে তৈরি কেপেও। প্রকাশিত ছবির একটিতে বাতাসে কেপ উড়তে থাকা অবস্থায় পোজ দিয়েছেন মিসবাহ। পুরো সাজে তাকে যেন গোলাপি শাপলার মতোই দেখাচ্ছিল।
মিস ইউনিভার্স ২০২৬-এ অংশ নিতে গত সপ্তাহে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হন মিসবাহ। যাত্রার আগে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি এমন এক যাত্রা শুরু করতে যাচ্ছি, যার স্বপ্ন সব সময় দেখেছি। আজ শুধু নিজেকে কৃতজ্ঞ থাকার কথা মনে করিয়ে দিতে চাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি যেন আনন্দিত ও কৃতজ্ঞ থাকতে পারি—কারণ আমি ঠিক সেই জায়গায় আছি, যেখানে সব সময় থাকতে চেয়েছি এবং যেখানে আমার থাকার কথা।’
তিনি আরও লিখেন, ‘আগামী কয়েক দিন আমি শুধু মিসবাহ থাকব না, আমাকে ডাকা হবে পাকিস্তান নামে।’
নিজের দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি জানিয়ে মিসবাহ বলেন, ‘পাকিস্তান, তুমি ইতিমধ্যেই আমার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আছ।’
এই প্রতিযোগী জানিয়েছেন, তার শিকড় একটি গ্রামে। সেখানকার পরিবেশ ও অভিজ্ঞতা একজন নারী হিসেবে তাকে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ তৈরির কাজটি তিনি সারা জীবন করে আসছেন বলেও উল্লেখ করেন।
মিসবাহ লিখেছেন, ‘আমি যা সারা জীবন করে এসেছি, তা করতে পেরে গর্বিত—বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এবার পাকিস্তান ও পুয়ের্তো রিকোর মধ্যে একটি সেতু গড়ে তুলতে যাচ্ছি।’
আগামী ২৪ নভেম্বর মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। পুয়ের্তো রিকোর সান হুয়ানে জোসে মিগুয়েল আগরেলট কলোসিয়ামে বসবে এবারের আসরের শেষ আয়োজন।
