ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, মিলবে যেসব নতুন সুবিধা

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, মিলবে যেসব নতুন সুবিধা

ফন্ট সাইজ:

ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে নামিয়ে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। নতুন এই ব্যবস্থায় আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি ভ্রমণকারীরা আরও স্পষ্টভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিসা বেছে নিতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯ শ্রেণিতে ভিসা দেয়া হবে।
গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তবে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কাঠামোর ঘোষণা দেয়া হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল।
নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। এ শ্রেণির ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ভিজিটর ভিসায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেয়া, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেয়া যাবে।
আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এ ভিসায় ভি-১-এর আওতাভুক্ত সব কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য আলাদাভাবে ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসাও দেয়া হবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রেও নতুন শ্রেণি যুক্ত করা হয়েছে। আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ ভিসা এবং অন্যান্য চিকিৎসার জন্য এম-১ ভিসা। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এম-১ ভিসাধারীদের সহকারীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীদের সহকারীরা এম-৪ ভিসা পাবেন।
দ্য স্টেটসম্যান জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবাভিত্তিক পর্যটনকে উৎসাহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

শিক্ষার্থী ভিসায় এস-১ শ্রেণির আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে এস-২ শ্রেণিতে রাখা হয়েছে পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচি।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা তাদের কোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা পাবেন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। যোগব্যায়াম, ভারতীয় সংগীত ও নৃত্য, বৈদিক সংস্কৃতি এবং বৌদ্ধধর্মবিষয়ক পড়াশোনাও শিক্ষার্থী ভিসার আওতায় থাকবে।

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠাসহ দীর্ঘমেয়াদি কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-১ ভিসা। অন্যদিকে স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে বি-২ ভিসা দেয়া হবে।

ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, মান যাচাই, উৎপাদন, তথ্যপ্রযুক্তি সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের কাজে যুক্ত বিদেশি কারিগরি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও দক্ষ পেশাজীবীরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাবেন। আগে এ ধরনের ভিসা ই-বি৪ শ্রেণিতে দেওয়া হতো।

নতুন ব্যবস্থায় কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য থাকবে কূটনৈতিক ভিসা। স্বীকৃত সাংবাদিকদের জন্য রাখা হয়েছে সাংবাদিক ভিসা। ভারতের কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা পাবেন কর্মসংস্থান ভিসা।

অন্যদিকে জাতিসংঘের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ অ-কূটনৈতিক সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে সরকারি ভিসা। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের স্বামী বা স্ত্রী ও সন্তান, বিদেশি নাগরিকদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীরা বিবিধ ভিসার আওতায় পড়বেন।

দ্য স্টেটসম্যান আরও জানিয়েছে, বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেয়া হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে এই সংস্কার আনা হয়েছে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণির আওতায় আনায় আবেদনকারীদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন কাঠামো চালুর জন্য তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদের কাজ চলছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে।