সৌদি ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তায় কোনো আপস নয়

পাকিস্তানের কড়া বার্তা

সৌদি ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তায় কোনো আপস নয়

ফন্ট সাইজ:

সৌদি আরবের নিরাপত্তা এবং পবিত্র দুই মসজিদের সুরক্ষার প্রশ্নে কোনো আপস করবে না পাকিস্তান। দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ মন্তব্য করেছেন। সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সৌদির বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের এই সামরিক মুখপাত্র। তার মতে, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে এগুলো পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
আহমেদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

তবে উত্তেজনা প্রশমনে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, দেশটির সেনাসদস্যরা আগে থেকেই সৌদির বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—দুটিই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালানো এসব উদ্যোগের লক্ষ্য নয়।

ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বলেও জানান তিনি। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন পাকিস্তানের এই সামরিক মুখপাত্র।