রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামিপক্ষের সোমবার

শাপলা চত্বর হত্যাকাণ্ড

রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামিপক্ষের সোমবার

ফন্ট সাইজ:

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষের এই শুনানি শেষ হয়।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
শুনানিকালে এই মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির করা আসামিরা হলেন—সাবেক আইজিপি শহীদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।

উল্লেখ্য, এই মামলায় আসামিদের বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে।