আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে ৩ দিন আত্মগোপন, অবশেষে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে ৩ দিন আত্মগোপন, অবশেষে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নেত্রকোনার পূর্বধলা এলাকায় তার খালার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন।

পালানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সুফল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত থেকে পালানোর পর কাউসার প্রথমে তার বোনের বাসায় যান। পরে বুধবার সন্ধ্যায় নিজ বাসায় এবং রাতে খালার বাসায় আশ্রয় নেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ভোরে খালার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।

কাউসার ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি। ২০২০ সালে দক্ষিণখানে ছুরিকাঘাতে ১৭ বছরের এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ২০২১ সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

মামলার সাক্ষ্য গ্রহণের জন্য গত মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। একপর্যায়ে হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান তিনি।