অকল্যান্ডের ইতিহাসে নতুন রাজা জ্যাকবস

২১ ছক্কায় ২০২

অকল্যান্ডের ইতিহাসে নতুন রাজা জ্যাকবস

ফন্ট সাইজ:

এক ইনিংসে রেকর্ড ২১ ছক্কা, অপরাজিত ২০২ রান! ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার বেভন জ্যাকবস। ২৪ বছর বয়সী এই ব্যাটার গড়েছেন অকল্যান্ডের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড। তবে ব্যক্তিগত এমন অবিস্মরণীয় কীর্তির দিনেও দলকে জেতাতে পারেননি তিনি। তার ২০২ রানের ইনিংসের পরও ওটাগোর কাছে পাঁচ উইকেটে হার দেখে অকল্যান্ড।

ফোর্ড ট্রফির ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি অকল্যান্ডের। মাত্র ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে একাই ম্যাচের চিত্র পাল্টে দেন জ্যাকবস। সতীর্থদের ব্যর্থতার মধ্যে ৩৩৫ রানের পুঁজি গড়ার পথে তার ব্যাট থেকেই আসে ২০২ রান। ইনিংসজুড়ে হাঁকান কিউই ব্যাটারদের মধ্যে রেকর্ড ২১টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড থেকে মাত্র দুই ছক্কা দূরে থামেন তিনি। এ রেকর্ডটি অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্টের (২৩)।

জ্যাকবসের ব্যাটিংয়ের সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য দেখা যায় শেষ ওভারে। লেগ স্পিনার জাক কামিংয়ের ওভারের শুরুতে তার রান ছিল ১৭২। বাকি ছয় বলের পাঁচটিকেই সীমানার বাইরে পাঠিয়ে পূর্ণ করেন দ্বিশতক। শেষ পর্যন্ত ১১৭ বলের ইনিংসে অপরাজিত থাকেন ২০২ রানে।
এই ইনিংসের মধ্য দিয়ে অকল্যান্ডের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন জ্যাকবস। এত দিন রেকর্ডটি ছিল কলিন মানরোর দখলে। ২০১৭-১৮ মৌসুমে অপরাজিত ১৭৪ রান করেন তিনি।

মজার ব্যাপার, ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার পর প্রথম সেঞ্চুরির দেখা পেলেন জ্যাকবস। চলতি বছর টি-টোয়েন্টিতে টানা পাঁচটি অর্ধশতক করে আলোচনায় আসেন তিনি।

নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ঘরোয়া ক্রিকেটে ফিরে এবার নিজের সামর্থ্যের জানান দিলেন আরও বড় পরিসরে।

ফোর্ড ট্রফির ইতিহাসে এটি তৃতীয় দ্বিশতক। আর লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে পরাজিত দলের ব্যাটারের চতুর্থ দ্বিশতক। জ্যাকবসের এমন রেকর্ডগড়া ইনিংসের পরও ওটাগো ৩৩৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাঁচ বল হাতে রেখেই।