নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর। ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান আয়োজন থেকে সরে এসেছে আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কনসার্টের টিকিট কেনা দর্শকদের অর্থ ফেরতের প্রক্রিয়াও জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে যেসব দর্শক রিফান্ডের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। অন্যদের পাঠানো রিফান্ড-সংক্রান্ত ইমেইলে থাকা ‘Get my refund’ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
যাদের ইমেইল পৌঁছায়নি, তাদের স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত গ্রাহকরা নিজেদের পছন্দের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত পাঠানো হবে। তবে সে ক্ষেত্রে ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে। কনসার্ট বাতিলের বিষয়ে ইকিউব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরে কনসার্ট আয়োজনকে নিরাপদ মনে করছেন না তারা।
প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অনানুষ্ঠানিক পরামর্শ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিল্পীর সঙ্গেও আলোচনা করেছেন তারা। উল্লেখ্য, ‘ও সানাম’ ও ‘এক পল কা জিনা’র মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত লাকি আলী প্রায় তিন বছর পর বাংলাদেশে গান পরিবেশন করতে আসার কথা ছিল। তার আগমন ঘিরে দেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল হওয়ায় হতাশ হয়েছেন অপেক্ষায় থাকা ভক্তরা।
